প্রভাত বিনোদন : সিনেমার পর্দার বাইরে মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ষাটের কাছাকাছি বয়সেও পোশাকে আগুন জ্বালিয়ে তার এমন কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’। তারকাখচিত এই আয়োজনে বলিউডের কয়েকজন শিল্পীর সঙ্গে পারফর্ম করেন অক্ষয়। সেখানেই দেখা যায়, হাতে তলোয়ার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন অভিনেতা। এ সময় নৃত্যশিল্পীরা তার ট্রাউজারে আগুন ধরিয়ে দেন। অন্য একটি ভিডিওতে মাথায় জ্বলন্ত প্রপ নিয়েও স্টান্ট করতে দেখা যায় তাকে। পোশাকে আগুন জ্বলতে থাকলেও স্বাভাবিকভাবেই পারফর্ম করেন অক্ষয়।
অক্ষয়ের স্টান্ট দেখার পর সামাজিক মাধ্যমে তার সাহস ও শারীরিক সক্ষমতার প্রশংসা করছেন ভক্তরা। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের সামনে আগুন নিয়ে বিপজ্জনক স্টান্ট করেছেন তিনি।
অ্যাকশনধর্মী সিনেমায়ও নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন এই অভিনেতা। এ ক্ষেত্রে সাধারণত বডি ডাবল ব্যবহার করেন না তিনি। এক সাক্ষাৎকারে স্টান্টের ঝুঁকি নিয়ে অক্ষয় জানিয়েছিলেন, আগে স্টান্ট করার সময় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকত না। তার ভাষায়, ‘আগে স্টান্ট করার সময় তেমন নিরাপত্তাব্যবস্থা থাকত না। আজকের মতো তখন ভিএফএক্স বা আধুনিক প্রযুক্তির এত ব্যবহার ছিল না। অনেক দৃশ্যই বাস্তবে করতে হতো, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’