প্রভাত রিপোর্ট: মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং বৈধ আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় নির্মাণসামগ্রী, কৃষি উপকরণ ও জ্বালানি পণ্যের তীব্র সংকট তৈরি হয়েছে। এর সুযোগ নিচ্ছে বাংলাদেশভিত্তিক কিছু পাচারকারী চক্র। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া এসব পণ্য সীমান্ত পেরিয়ে মিয়ানমারে কয়েকগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে। এর চেয়ে ভয়ংকর তথ্য হলো- এসব পণ্য মিয়ানমারে পাচার করে বিনিময়ে সেখান থেকে দেশে প্রবেশ করছে ইয়াবা ও আইস (ক্রিস্টাল মেথামফেটামিন)।
সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর এলাকা, কক্সবাজারের টেকনাফ, শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্রপথ ও নাফ নদী ব্যবহার করা হচ্ছে চোরাচালানের প্রধান রুট হিসেবে। বিশেষ করে মিয়ানমারের মংডু এলাকায় এসব পণ্যের ব্যাপক চাহিদা-এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো ।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে বৈধ বাণিজ্যিক কার্যক্রমে রয়েছে স্থবিরতা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটও প্রকট। এ সুযোগে বাংলাদেশ থেকে সিমেন্ট, সার, ডিজেল, ওষুধসহ বিভিন্ন পণ্য পাচার হচ্ছে দেশটিতে। বিনিময়ে টাকা নয়, সেখান থেকে দেশে আসছে ইয়াবা-আইসের মতো ভয়ংকর মাদক। জানা যায়, সীমান্ত এলাকায় সক্রিয় সংঘবদ্ধ কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে এসব পণ্য পাচার করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ এবং বেশ কয়েকজনকে গ্রেফতারের পরেও থামছে না এই অবৈধ বাণিজ্য।
মিয়ানমারে বর্তমানে এক বস্তা সিমেন্টের দাম বাংলাদেশি বাজারের তুলনায় কয়েকগুণ বেশি। গত সপ্তাহে রাখাইনে এক বস্তা সিমেন্ট ২৫ হাজার থেকে ৩১ হাজার কিয়াট (দেড় থেকে দুই হাজার টাকা) পর্যন্ত বিক্রি হয়েছে। বাংলাদেশে এক বস্তা সিমেন্ট পাওয়া যায় ৫৮০ টাকার মধ্যে। এই বড় ধরনের মূল্য ব্যবধান পাচারকারীদের জন্য বড় মুনাফার সুযোগ তৈরি করেছে। বিনিময়ে মাদক কারবারিরা বেশি পরিমাণে মাদক আনছে দেশে।
একইভাবে মিয়ানমারে সারের দামও অস্বাভাবিক বেড়েছে। দেশটিতে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া সার বিক্রি হচ্ছে প্রায় ১ লাখ ৫০ হাজার কিয়াট (প্রায় ৯ হাজার টাকা) এবং ডিএপি সার প্রায় ১ লাখ ৩৮ হাজার কিয়াট (প্রায় সাড়ে ৮ হাজার টাকা) পর্যন্ত। অথচ বাংলাদেশে এক বস্তা ইউরিয়া সারের দাম ১৩৫০ টাকা এবং ডিএপি সারের বস্তা ১০৫০ টাকা। ফলে বাংলাদেশের বিভিন্ন কারখানায় উৎপাদিত সারও পাচারের ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের সিইউএফএল, কাফকো ও ডিএপি সার কারখানার উৎপাদিত সারের একটি অংশ সীমান্ত দিয়ে মিয়ানমারে চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে সরকার কৃষকদের জন্য ভর্তুকি দিয়ে সার সরবরাহ করায় দেশের বাজারে এসব পণ্যের দাম নিয়ন্ত্রিত থাকে। কিন্তু মিয়ানমারে যুদ্ধ, বৈদেশিক মুদ্রার সংকট এবং আমদানি ব্যবস্থার দুর্বলতার কারণে এসব পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে পাচারকারীরা সীমান্তে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের শেষ দিকে আরাকান আর্মি বাংলাদেশ-সংলগ্ন মিয়ানমার সীমান্তের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। বৈধ বাণিজ্য কমে গেলেও বেড়েছে অনানুষ্ঠানিক বাণিজ্য ও চোরাচালানের প্রবণতা। একই সঙ্গে সীমান্তে মাদক, অস্ত্র ও মানবপাচারের পাশাপাশি বিভিন্ন পণ্য পাচারের ঘটনাও বেড়েছে।
স্থানীয়রা বলছেন, পাচারকারীরা সাধারণত গভীর রাতে ছোট কার্গো নৌকা, স্পিডবোট ও মাছ ধরার ট্রলার ব্যবহার করে। উপকূলের নির্জন ঘাট থেকে এসব পণ্য তুলে নাফ নদী বা সমুদ্রপথে রাখাইনের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয়। অনেক সময় বৈধ জেলেদের নৌযানও এ কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।
সবশেষ গত ১০ নভেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ করে কোস্টগার্ড। সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের এ সিমেন্ট উদ্ধার করা হয়। বোটসহ আটক হন পাঁচজন।
কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে বলেন, ‘গত ১ এপ্রিল থেকে ১ অক্টোবর পর্যন্ত মিয়ানমারে পাচারের সময় জব্দ করা হয়েছে ৮ লাখ ১২ হাজার ৯৫০ কেজি সিমেন্ট এবং ৩ লাখ ৭৭ হাজার ৫৫০ কেজি সার। এসব চোরাচালানের ঘটনায় ২৬২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে ৪১টি।’ তিনি বলেন, ‘উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সমুদ্রপথে সার, সিমেন্টসহ সব ধরনের চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। চোরাচালান প্রতিরোধে ঝুঁকিপূর্ণ রুটগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ঘাটে টহল বাড়ানো হয়েছে।’
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ‘সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি, তথ্যভিত্তিক বিশেষ অভিযান ও আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে কাজ করছে কোস্টগার্ড। এ ছাড়া অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সন্দেহজনক নৌযানে তল্লাশি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’ দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও সীমান্তবর্তী জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও অভিযান এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে বলে জানান তিনি।