মো. আব্দুর রহিম: রাজধানী ঢাকার অন্যতম বড় পাইকারি বাজার শ্যামবাজারে হঠাৎ কমে গেছে পেঁয়াজের দাম। এতে একদিকে স্বস্তি পাচ্ছেন ক্রেতা ও পাইকারি ব্যবসায়ীরা, অন্যদিকে উৎপাদন খরচ তুলতে না পেরে চরম হতাশায় পড়েছেন পেঁয়াজচাষিরা। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলিয়েও ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও হতাশা।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শ্যামবাজারের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন জেলার পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
বাজারে মাগুরার পেঁয়াজ প্রতি কেজি ৩২ থেকে ৩৫ টাকা, কুষ্টিয়ার পেঁয়াজ ৩৪ থেকে ৩৫ টাকা, ফরিদপুরের পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা এবং রাজবাড়ীর পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে পাইকারি বাজারে নাটোরের রসুন প্রতি কেজি ৬০ থেকে ৭৫ টাকা এবং ফরিদপুরের রসুন ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে ফরিদপুরের বোয়ালমারী থেকে রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজ নিয়ে এসেছেন কৃষক মোহাম্মদ তরিকুল ইসলাম ও আলাউদ্দিন মোল্লা। তাঁরা জানান, বর্তমান বাজারে যে দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে, তাতে উৎপাদন খরচও উঠছে না। পেঁয়াজ চাষ করতে জমি প্রস্তুত, সার, কীটনাশক, সেচ, শ্রমিক ও পরিবহনসহ নানা খাতে ব্যয় করতে হয়। কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় সেই খরচের টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে।
কৃষকরা আরও বলেন, সামনে আবার জমি চাষ করার জন্য সার ও ওষুধ ক্রয় করতে হবে। পাশাপাশি পরিবারের ভরণপোষণ ও সংসারের খরচ চালাতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পেঁয়াজ বিক্রি করে কোনো লাভ তো দূরের কথা, অনেক সময় মূলধনও ফেরত পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কৃষকরা পেঁয়াজ চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন।
কৃষক মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আগামী ২০ দিনের মধ্যে বাজারে মুড়িকাটা নতুন পেঁয়াজ আসতে পারে। নতুন পেঁয়াজ বাজারে উঠলে সরবরাহ আরও বাড়তে পারে। এতে দাম আরও কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে মনে করছেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, উৎপাদনের সময় তাঁদের নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়। কখনো অতিরিক্ত বৃষ্টি, কখনো খরা, আবার কখনো রোগবালাইয়ের কারণে ফসলের ক্ষতি হয়। সব প্রতিকূলতা মোকাবিলা করে ফসল ঘরে তুললেও বাজারে ন্যায্যমূল্য না পেলে তাঁদের লোকসানের মুখে পড়তে হয়।
সংশ্লিষ্টদের মতে, কৃষক পর্যায়ে উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো এবং কৃষকদের সরাসরি বাজারজাতকরণের সুযোগ বাড়ানো প্রয়োজন।
সব মিলিয়ে শ্যামবাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর হলেও উৎপাদনকারী কৃষকদের জন্য তা হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ। কৃষকদের দাবি, তাঁরা যেন উৎপাদন খরচের পাশাপাশি ন্যায্য মুনাফা পান, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। অন্যথায় লোকসানের আশঙ্কায় আগামী মৌসুমে পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন অনেক কৃষক।