• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গির সমালোচনার জবাব দিলেন প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচও ও পুলিশের তথ্যে বড় ব্যবধান শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আগামী মৌসুমে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য সরকারের সিপাহী-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র চান জহির উদ্দিন স্বপন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর পাঁচ দাবিতে আন্দোলন করবে নিকাহ রেজিস্ট্রাররা

সেই ভয়াল সিডরের ১৯ বছরেও কাটেনি আতঙ্ক, উপকূলে টেকসই বেড়িবাঁধের দাবি

Reporter Name / ৬৩ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬


মো. মাহবুবুর রহমান,পাথরঘাটা :
আজ ১৫ নভেম্বর, ভয়াল ঘূর্ণিঝড় সিডর দিবস। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১৯ বছর। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্বজন হারানোর বেদনা আর সিডরের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন পাথরঘাটাসহ উপকূলীয় জনপদের মানুষ। প্রাকৃতিক দুর্যোগের সেই ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে ফেরে তাদের। আবহাওয়া অধিদপ্তরের সতর্ক সংকেত পেলেই নদীভাঙনকবলিত ও বেড়িবাঁধের বাইরে বসবাসরত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তাদের দাবি, শুধু বেড়িবাঁধ সংস্কার নয়, উপকূল রক্ষায় নির্মাণ করতে হবে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ।
২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের প্রবল ঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় পাথরঘাটাসহ বরগুনা জেলার বিস্তীর্ণ জনপদ। মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও সহায়-সম্বল। সরকারি হিসাব অনুযায়ী, সিডরে পাথরঘাটা উপজেলায় ৩৪৯ জন এবং বরগুনা জেলায় মোট ১ হাজার ৩৪৫ জন প্রাণ হারান। ধ্বংস হয়ে যায় হাজার হাজার কাঁচা ঘরবাড়ি ও ফসলি জমি। অনেক পরিবার হারায় তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। স্বজন হারানোর সেই ক্ষতি আজও পূরণ হয়নি অসংখ্য পরিবারের।
সিডরের ১৯ বছর পরও উপকূলের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। বিশেষ করে নদীভাঙনকবলিত এলাকা এবং বেড়িবাঁধের বাইরে বসবাসরত পরিবারগুলো প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে। একটু বৈরী আবহাওয়া কিংবা ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত জারি হলেই তাদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ করে ঘরবাড়ি ও ফসলি জমি ভাসিয়ে নেওয়ার আশঙ্কায় অনেকেই নির্ঘুম রাত কাটান।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে বেড়িবাঁধ সংস্কার করা হলেও অনেক এলাকায় তা স্থায়ী ও টেকসই হচ্ছে না। ফলে নদীর পানি বৃদ্ধি কিংবা জলোচ্ছ্বাস হলেই বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়। তাই বারবার সংস্কারের পরিবর্তে নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে থাকা এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ীভাবে ব্লক দিয়ে শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান বলেন, নদীভাঙনকবলিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমাদের নজরে রয়েছে। এসব এলাকায় স্থায়ীভাবে ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকার এ পরিকল্পনা অনুমোদন দিলে বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষের জানমাল, ফসলি জমি ও বসতবাড়ি ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।
১৯ বছর আগে সিডরের সেই ভয়াল রাত উপকূলবাসীর জীবনে যে ক্ষত তৈরি করেছিল, তা এখনো শুকায়নি। তাই আর কোনো সিডর কিংবা জলোচ্ছ্বাসে যেন প্রাণহানি ও সম্পদের ক্ষতি না হয়, সে জন্য দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলীয় জনপদের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পাথরঘাটাসহ উপকূলের মানুষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category