• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গির সমালোচনার জবাব দিলেন প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচও ও পুলিশের তথ্যে বড় ব্যবধান শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আগামী মৌসুমে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য সরকারের সিপাহী-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র চান জহির উদ্দিন স্বপন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর পাঁচ দাবিতে আন্দোলন করবে নিকাহ রেজিস্ট্রাররা

সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচও ও পুলিশের তথ্যে বড় ব্যবধান

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও পুলিশের তথ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। সংস্থাটির হিসাবে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা পুলিশের পরিসংখ্যানের তুলনায় কয়েক গুণ বেশি। দুর্ঘটনায় হতাহতের প্রকৃত চিত্র নিয়ে এ ধরনের অসংগতি উদ্বেগজনক বলে মনে করছেন সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা। তাদের মতে, নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া কার্যকর সড়ক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়। রবিবার (১৫ নভেম্বর) বিশ্ব সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সড়ক নিরাপত্তা প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ ওয়া নোমান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সড়ক নিরাপত্তাবিষয়ক ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৩ শতাংশ বেড়েছে। একই সময়ে ইউরোপীয় অঞ্চলে এ হার ৩৬ শতাংশ কমেছে। যথাযথ নীতি, আইন ও নিরাপদ অবকাঠামো নিশ্চিত করা গেলে সড়কে প্রাণহানি কমানো সম্ভব।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে বলা হয়, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালগুলোর ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। ২০২৪ সালের এক গবেষণার তথ্য অনুযায়ী, হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশ সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসায় ব্যবহৃত হয়। একজন আহত ব্যক্তিকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয়। এ সময়ে সরকারি ব্যয়ের বাইরে রোগীপ্রতি গড়ে ৩১ হাজার ৬৮৩ টাকা খরচ হয়। এর মধ্যে রোগ নির্ণয়, ওষুধ, অস্ত্রোপচার, শয্যা, যাতায়াত এবং রোগীর সঙ্গে থাকা ব্যক্তির খাবার ও আবাসনের ব্যয় রয়েছে।
সভায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পরিসংখ্যানের অসংগতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১২ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ২১ হাজার ৩১৬ জন, ২০১৬ সালে ২৪ হাজার ৫৫৪ জন এবং ২০২১ সালে ৩১ হাজার ৫৭৭ জন মারা গেছেন। অন্যদিকে, পুলিশের হিসাবে একই বছরগুলোতে মৃত্যুর সংখ্যা যথাক্রমে ২ হাজার ৫০০, ৩ হাজার ও ৫ হাজার। পরিসংখ্যানের এই বড় ব্যবধান দূর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য সমন্বয় করা জরুরি। প্রকৃত চিত্র জানা না গেলে কার্যকর সড়ক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া সম্ভব হবে না।
পরিবহন খাতের অব্যবস্থাপনা তুলে ধরে মো. আনিছুর রহমান বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে এ খাতের পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। মুনাফার জন্য ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহন চলাচল এবং অতিরিক্ত আসন সংযোজন বন্ধ করতে হবে। পরিবহন খাতকে সেবামূলক হিসেবে গড়ে তোলার পাশাপাশি আইন প্রয়োগে কঠোর হতে হবে। তবে দুর্ঘটনার পর ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি মানবিক আচরণও নিশ্চিত করতে হবে। এ সময় তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
বিআরটিএর পরিচালক (সড়ক নিরাপত্তা) মো. জিয়াউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে মোটরসাইকেল ও বাস-মিনিবাসের ক্ষেত্রে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হচ্ছে। যানবাহনে অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা ও গতিসীমা নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, চালকদের দক্ষতা বৃদ্ধি, রুট পারমিট ব্যবস্থায় শৃঙ্খলা এবং ফিটনেসবিহীন যানবাহন অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক নিরাপত্তা কাউন্সিলকে সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াতব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, দেশের সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। বিমানবন্দর থেকে বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাতায়াতের সময় দেশি-বিদেশি যাত্রীদের ভোগান্তি দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলে। ঈদ ও পূজার মতো উৎসবের ছুটিতে বিপুলসংখ্যক মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেও সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন। নাগরিক সচেতনতা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্বশীলতা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category