প্রভাত বিনোদন : স্পটিফাইয়ে রেকর্ড গড়েছে কে-পপ গ্রুপ কর্টিস। গ্রুপের জনপ্রিয় গান ‘রেডরেড’ দক্ষিণ কোরিয়ায় স্পটিফাইয়ের ডেইলি টপ সং চার্টে টানা ৭০ দিন ধরে শীর্ষে রয়েছে। কে-পপের কোনো গ্রুপের গানের ক্ষেত্রে এটি নতুন রেকর্ড।
গত ২৭ এপ্রিল প্রথমবার চার্টের শীর্ষে ওঠে গানটি। এর পর থেকে ১ নম্বরেই রয়েছে। ১২ জুলাইয়ের চার্টে ৭০তম দিনের মতো শীর্ষে ছিল এটি। এর মধ্য দিয়ে তিন বছর চার মাসের পুরোনো একটি রেকর্ড ভেঙেছে গানটি। এর আগে ২০ জুন টানা ৫০ দিন শীর্ষে থেকে কে-পপ বয় ব্যান্ডের নতুন রেকর্ড গড়েছিল ‘রেডরেড’। এরপর সেই রেকর্ডও আরও বড় করেছে গানটি।
শুধু দৈনিক চার্ট নয়, সাপ্তাহিক চার্টেও এগিয়ে আছে ‘রেডরেড’। ৩ থেকে ৯ জুলাইয়ের স্পটিফাই উইকলি টপ সংস কোরিয়া চার্টে টানা ১১ সপ্তাহ ১ নম্বরে রয়েছে গানটি। এটিও নতুন রেকর্ড।
বিগহিট মিউজিক জানিয়েছে, স্পটিফাইয়ে কর্টিসের মাসিক শ্রোতার সংখ্যা এখন ১ কোটি ২৬ লাখ ৭০ হাজার। দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ডগুলোর মধ্যে এটি সর্বোচ্চ তিনটির একটি। কর্টিসের সদস্য পাঁচজন। তাঁরা হলেন মার্টিন, জেমস, জুহুন, সিয়ংহিয়ন ও কনহো। নিজেদের গানের কথা ও সুর তৈরিতেও তাঁরা অংশ নেন। ‘রেডরেড’-এর পাশাপাশি একই অ্যালবামের আরেকটি গান ‘ইয়াংক্রিয়েটরক্রু’ সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়েছে।
১৮ ও ১৯ জুলাই ইনচনের ইনস্পায়ার অ্যারিনায় প্রথম একক কনসার্ট করবে কর্টিস। সেখান থেকেই শুরু হবে তাদের বিশ্ব সফর। এরপর সিউল, টরন্টো, নিউইয়র্ক ও জাপানের কানাগাওয়ায় কনসার্ট করবে তারা। ইনচন ও উত্তর আমেরিকার সব কনসার্টের আগাম টিকিট ইতিমধ্যে বিক্রি শেষ হয়েছে।
এ ছাড়া ৩১ জুলাই ও ১ আগস্ট যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত উৎসব ললাপালুজা শিকাগোতে একক পরিবেশনা করবে কর্টিস। চলতি বছর এই উৎসবে একক পরিবেশনা করা একমাত্র কে-পপ বয় ব্যান্ড তারাই। কোরিয়া টাইমস অবলম্বনে