প্রভাত স্পোর্টস : ৫২ বলে ২০৪। অবিশ্বাস্য শোনালেও সত্যি। বৈভব সূর্যবংশীর জন্য যেন সব সম্ভব। এবার কি তবে টার্গেট ট্রিপল সেঞ্চুরি! তার ছোটবেলার কোচ মণীশ ওঝার মতে সেটা হতেই পারে। তার মতে, ভবিষ্যতে ক্রিকেটে ভারতীয় এই বিস্ময় এমন সব রেকর্ড করবে, যা ভাঙা অসম্ভব হয়ে যাবে। ভারতীয় দলে কেন তাকে নিয়মিত খেলানো হচ্ছে এ নিয়েও কোচ গৌতম গম্ভীরকে তোপ দাগছেন তিনি।
যুব এশিয়া কাপে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রান করেছে বৈভব। যা ‘লিস্ট এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির নজির। সেঞ্চুরি করতে ঠিক ২৮ বল খরচ করেন বৈভব সূর্যবংশী।
লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১০০ , ১৫০ ও ২০০ রানের রেকর্ড ভেঙে দিয়েছে। তাকে নিয়ে মণীশ বলছেন, “আমি সত্যিই বিশ্বাস করি বৈভব একদিন ট্রিপল সেঞ্চুরি করবে। ওর ব্যাটিং একই সঙ্গে আগ্রাসী ও আকর্ষণীয়। ও যদি ১৪-১৫ ওভারে ম্যাচ জিতিয়ে দিতে পারে, তাহলে ভাবুন ৫০ ওভার ব্যাট করলে কী করতে পারত?”
মণীশ আরও বলেন, “এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না আর কেউ আছে যে বৈভবের নজির ভাঙতে পারবে। সম্ভবত ক্রিস গেইলকে ফিরে আসতে হবে সেটা করার জন্য। বৈভবের নজির একমাত্র বৈভবই ভাঙতে পারবে। তবে ও কখনও নজির বা ব্যক্তিগত সাফল্যের জন্য খেলে না। ও শুধু বল দেখে আর খেলে। বৈভব শুধু একটা জিনিসই বোঝে, জায়গায় বল পেলে মারো। আগের দুই ম্যাচে রান না পেয়ে আমাকে ফোন করেছিল। আমি ওকে বলি, জীবনে এরকম উত্থানপতন আসবে। শচীন টেন্ডুলকারকে দেখো। তিনিও তো বহুবার ব্যর্থ হয়েছেন। সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়রাও ভুল করেন।”
পাশাপাশি ভারতের কোচ গৌতম গম্ভীরের উদ্দেশে বার্তা দিয়েছেন মণীশ। ভারতের টি-টোয়েন্টি দলে বৈভবকে নিয়মিত খেলানোর পক্ষপাতী নন গম্ভীর। তা নিয়ে মণীশ বলছেন, “বেঞ্চে বসে থাকলে তো এরকম ইনিংস খেলতে পারত না। একজন খেলোয়াড় মাঠে নেমে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়ে সমস্যা কাটিয়ে উঠতে শিখবে। বেঞ্চে বসে কেউ বড় হয় না। ভারত ভালো খেলছে স্বীকার করি। কিন্তু বৈভব যদি একটা ভালো ইনিংস খেলে, তাহলে পরের ম্যাচে সুযোগ পাওয়া উচিত। ও কোনও ভাবেই বদলি খেলোয়াড় নন।”