প্রভাত বিনোদন: আশি পেরিয়েও রুপালি পর্দায় যার উপস্থিতি সমান জাঁকজমকপূর্ণ, সেই অমিতাভ বচ্চনের একটি বার্তা ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। বলিউডের এই শাহেনশাহর পোস্টের ভুল ব্যাখ্যা করে তার অভিনয় জীবনের ইতি টানার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে গণমাধ্যমের বিভ্রান্তিকর চর্চা নিয়ে মুখ খুলেছেন বিগ বি নিজেই। ঘটনার সূত্রপাত অমিতাভের একটি ব্লগ পোস্টকে কেন্দ্র করে। সেখানে তিনি লিখেছিলেন, ‘অনেক হয়েছে, এবার থামার সময় হয়েছে।’ তার এই বাক্যটিকে অনেকেই অবসরের ইঙ্গিত ধরে নিয়ে খবর ছড়াতে শুরু করেন। তবে বিষয়টি নজরে আসতেই স্পষ্ট জবাব দিয়েছেন অভিনেতা।
কাজের ব্যস্ততা থেকে বিরতি নেয়ার খবর খণ্ডন করে অমিতাভ জানান, তিনি অভিনয় ছাড়ার কথা বলেননি, বরং রাতের কাজ শেষে ঘুমাতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। রসিকতা করে তিনি বলেন, ‘না হুজুর, কাজ থেকে অবসর নিচ্ছি না। এবার আমি ঘুমাতে যাচ্ছি।’
এসময় সবার আগে সংবাদ পরিবেশনের প্রতিযোগিতার সমালোচনাও করেন বিগ বি। চটকদার শিরোনাম তৈরি করে অর্থ উপার্জনের এই মরিয়া চেষ্টাকে বর্তমান সময়ে হাস্যকর বলেও আখ্যা দেন তিনি।
উল্লেখ্য, বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো টানা অভিনয় করে যাচ্ছেন অমিতাভ বচ্চন এবং বক্স অফিসে ঝড় তুলছেন। বর্তমানে তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮ নম্বর সিজন সঞ্চালনা করছেন, যেখানে নানা প্রতিযোগীর সুখ-দুঃখের গল্পে প্রায়শই তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়।