• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় মানহানি, গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি কমানোর প্রস্তাব ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়েছিল জর্ডানের আবু উবাইদা মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে কাঠবাদামের বিকল্প হিসেবে খেতে পারেন আঁশসমৃদ্ধ ৫ খাবার ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ

ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়েছিল

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: ফিরোজ গান্ধীর অনেক দোষ ছিল, অনেক ত্রুটি ছিল। তবু ইন্দিরা গান্ধী তাঁকে পছন্দ করতেন। সব ভালো–মন্দসহ। শ্বশুর–শাশুড়ির পারস্পরিক সম্পর্ক নিয়ে তাঁর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ এমন কথাই লিখেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
সোনিয়া তাঁর শ্বশুরমশাই ফিরোজ গান্ধীকে দেখেননি। কিন্তু শাশুড়ি ইন্দিরা গান্ধীর সঙ্গে কথাবার্তা এবং বিভিন্নজনকে লেখা তাঁর চিঠিপত্র থেকে দুজনের বৈবাহিক সম্পর্ক ও পারস্পরিক মূল্যায়নের ধারণা করেছেন।
ফিরোজ গান্ধীকে নিয়ে গুজবের কথা এক বন্ধুর কাছ থেকে শোনার পর ইন্দিরা তাঁকে যে চিঠি লিখেছিলেন, আত্মকথায় সোনিয়া তার উল্লেখ করেছেন। সেই চিঠিতে ইন্দিরা লিখেছিলেন, ‘ফিরোজের অনেক দোষ আছে। অনেক ত্রুটিও আছে। আমাদের কার মধ্যেই–বা তা নেই? কিন্তু এর জন্য তাঁর প্রতি আমার অনুভূতিতে কোনো বদল ঘটে না। দোষত্রুটি নিয়েই আমি তাঁকে পছন্দ করি। অথবা বলা ভালো, দোষত্রুটির কারণেই তাঁকে পছন্দ করি।’
ফিরোজ–ইন্দিরার বিয়ে হয়েছিল ১৯৪২ সালে। তার পাঁচ বছর পর ভারত স্বাধীন হয়। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হন। সোনিয়া লিখেছেন, প্রধানমন্ত্রীর কাজের ক্ষেত্রে ইন্দিরার সাহায্যের প্রয়োজন হতো। সেই সহায়তা ইন্দিরা তাঁর বাবাকে করতেন।
সোনিয়া লিখেছেন, ‘সেটা ছিল পরিস্থিতির দাবি। প্রথম প্রথম ওই প্রয়োজন ফিরোজ মেনেও নিয়েছিলেন। কিন্তু সময় যত গড়াতে থাকে, ব্যস্ততা ও কাজের চাপ যত বাড়তে থাকে, ফিরোজের মধ্যে অসন্তোষও তত জমা হয়। দুই দিকের কাজ সামলানো ইন্দিরার পক্ষে কঠিন হয়ে পড়ে। তত দিনে ফিরোজ–ইন্দিরার দুই সন্তানেরও জন্ম হয়েছে। ১৯৪৪ সালের আগস্টে রাজীব গান্ধী এবং ১৯৪৬ সালের ডিসেম্বরে সঞ্জয় গান্ধী।’দুজনের সম্পর্কের দূরত্ব বৃদ্ধির অন্য কারণও ছিল। আত্মকথায় সোনিয়া সে ব্যাখ্যাও দিয়েছেন।
সোনিয়া লিখেছেন, ‘ইন্দিরা ছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আনুষ্ঠানিক আতিথেয়তাকারী বা অফিশিয়াল হোস্টেস। বাবার সঙ্গে সরকারি সফরে দেশের ভেতরে ও বাইরে তাঁকে যেতে হতো। নিজের কাজে ব্যস্ত থাকার ফলে ফিরোজের পক্ষে সব সময় সব জায়গায় ইন্দিরার সঙ্গে যাওয়া সম্ভব হতো না।’
সোনিয়া বইয়ে লিখেছেন, ‘অ্যামি আন্টি (ইন্দিরার ঘনিষ্ঠ) আমাকে বলেছিলেন, আনুষ্ঠানিক নৈশভোজের সময় প্রটোকল অনুযায়ী ইন্দিরা গান্ধীকে তাঁর বাবার পাশে বসানো হতো। ফিরোজের আসন থাকত দূরে, লম্বা টেবিলের অন্য প্রান্তে। এ নিয়ে লোকজন কখনো–সখনো ঠাট্টা–তামাশা করত। বিদ্রূপ করত। খোঁচা দিত। ফিরোজ এতে খুব কষ্ট পেতেন। অপমানিত বোধ করতেন। সম্ভবত এ ধরনের ঘটনা তাঁদের মধ্যে দূরত্ব ও বিচ্ছিন্নতার অনুভূতি বাড়িয়ে তুলেছিল।’
ফিরোজ গান্ধী ভারতের প্রভিন্সিয়াল পার্লামেন্ট বা প্রাদেশিক আইনসভার সদস্য হয়েছিলেন ১৯৫০ সালে। দুই বছর পর ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরিলি থেকে তিনি লোকসভায় জিতে আসেন। ১৯৫৭ সালেও তিনি ওই আসন থেকে পুনর্নির্বাচিত হন।
সোনিয়া লিখেছেন, পঞ্চাশের দশকের মাঝামাঝি ফিরোজ লোকসভার সদস্য হিসেবে প্রাপ্য সরকারি আবাসে চলে যান। ফিরোজকে তিনি একজন আকর্ষণীয়, আমুদে মানুষ বলে বর্ণনা করে লিখেছেন, উনি জীবন উপভোগ করতে ভালোবাসতেন। বন্ধুবান্ধব ও নারীসঙ্গও উপভোগ করতেন।
সোনিয়া আরও লিখেছেন, ‘বিয়ের বছর কয়েক পর ফিরোজ গান্ধীকে ইন্দিরা একটা চিঠি লিখেছিলেন। তাতে বলেছিলেন, “তুমি কার সঙ্গে বাইরে যাচ্ছ বা কী করছ, সেসব নিয়ে আমার কোনো আপত্তি নেই। এতে যদি তুমি খুশি থাকো এবং অন্য কারও মুখ থেকে অতিরঞ্জিত কাহিনি শোনার আগেই যদি তুমি আমাকে তা জানাও তো ভালো।”’
সোনিয়া জানিয়েছেন, অ্যামি আন্টিকে ইন্দিরা বলেছিলেন, ফিরোজ যখন অন্য এক নারীর সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সেটা তাঁর কাছে খুবই যন্ত্রণাদায়ক ছিল। সে সময় একদিন তাঁদের মধ্যে তীব্র ঝগড়া হয়। সে সময় তাঁরা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যাওয়ার কথাও ভেবেছিলেন। ইন্দিরা চেয়েছিলেন, বিষয়টি নিয়ে ফিরোজ এমন কারও সঙ্গে কথা বলুন, যাঁকে তিনি বিশ্বাস করেন। ভরসা করেন। সম্পর্ক নিয়ে আলোচনার জন্য নেহরুর কাছে সময় চেয়েছিলেন ফিরোজ। দুজনের কথাও হয়েছিল। নেহরু তাঁকে বুঝিয়েছিলেন। তাতে কাজ হয়েছিল। কয়েক মাস পর ফিরোজ বিচ্ছেদের কথা ভুলে যান।
আত্মকথায় সোনিয়া লিখেছেন, রাজীব তাঁর বাবার সঙ্গে কাটানো সময়ের কথা আনন্দের সঙ্গে স্মরণ করতেন। বাবার বাড়িতে যাওয়ারও স্মৃতিচারণা করতেন তিনি। সোনিয়া লিখেছেন, ‘সেখানে প্রায়ই এক নারীকে তিনি (রাজীব) দেখতেন। কিন্তু সেই নারীর নাম তিনি কখনো উল্লেখ করেননি। হয়তো নাম তিনি জানতেন না অথবা মনে করতে চাইতেন না।’
১৯৫৮ সালে ফিরোজ গান্ধী হৃদ্‌রোগে আক্রান্ত হন। সোনিয়া লিখেছেন, ‘পুরোনো ক্ষতগুলোও যেন ধীরে ধীরে সেরে যেতে থাকে। ইন্দিরা তখন বাবার সঙ্গে ভুটানে। ফিরোজের অসুস্থতার খবর পেয়ে দিল্লি ফিরে আসেন এবং শুশ্রূষার দায়িত্ব নেন। ফিরোজ সুস্থ না হওয়া পর্যন্ত ইন্দিরা নার্সিং হোমে তাঁর পাশে ছিলেন।’
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর লেখা বইটি একটি বইয়ের দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর লেখা বইটি একটি বইয়ের দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লিছবি: রয়টার্স
বইয়ে সোনিয়া লিখেছেন, ‘পরের বছর ১৯৫৯ সালে ইন্দিরার কিডনিতে অস্ত্রোপচার করে পাথর বের করা হয়। সে সময় ফিরোজও উদ্বেগে সময় কাটিয়েছিলেন। সারাক্ষণ স্ত্রীর পাশে ছিলেন। তাঁদের মধ্যে পুরোনো বিবাদ, মতপার্থক্যগুলো ঘুচে যাচ্ছিল। ১৯৬০ সালে দুই ছেলেকে নিয়ে ফিরোজ ও ইন্দিরা কাশ্মীরে যান ছুটি কাটাতে। কিন্তু তার তিন মাস পর ফিরোজ আবার হৃদ্‌রোগে আক্রান্ত হন। ইন্দিরা সেদিন কেরালায়। খবর পেয়েই বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে যান। কিছুক্ষণের জন্য ফিরোজের জ্ঞান ফিরেছিল। এরপর হঠাৎই শুরু হয় প্রবল কাশি। স্বামীর মাথাটি ইন্দিরা সামান্য উঁচু করে ধরেন। তারপর সব শেষ। ফিরোজ গান্ধীর বয়স তখন মাত্র ৪৮ বছর।’
সোনিয়া লিখেছেন, দুজনের ওই জটিল সম্পর্কের কথা তিনি প্রায়ই ভাবতেন। লিখেছেন, ‘আমার শাশুড়ির মৃত্যুর পর তাঁদের মধ্যে আদান–প্রদান হওয়া চিঠিগুলো পড়তে গিয়ে সম্পর্কের বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে। তাঁরা হয়তো তীব্র ঝগড়া করেছেন। হয়তো কিছু সময়ের জন্য একে অপরের কাছ থেকে দূরেও সরে গেছেন। কিন্তু যে বন্ধন তাঁদের একসঙ্গে বেঁধে রেখেছিল, তা কখনো ছিন্ন হয়নি।’
সোনিয়ার কথায়, ‘তাঁদের বৈবাহিক জীবনে নানা উত্থান–পতন ছিল। তা সত্ত্বেও আমার শাশুড়ি একবার আমায় বলেছিলেন, ফিরোজ ছাড়া অন্য কাউকে তিনি বিয়ে করতে পারতেন না। ফিরোজই ছিলেন একমাত্র পুরুষ, যাঁকে তিনি ভালোবেসেছিলেন। ইন্দিরার মৃত্যুর পর তাঁর কাগজপত্রের মধ্যে আমি একটা অসমাপ্ত চিঠির খসড়া খুঁজে পেয়েছিলাম। তাতে লেখা ছিল, “সোনিয়া, আমি তোমাকে এই চিঠি লিখছি; কারণ, তোমার মধ্যে আমি নিজের কিছু প্রতিচ্ছবি দেখতে পাই। আর তোমার স্বামী, আমার ছেলের মধ্যে দেখতে পাই আমার স্বামীর অনেক বৈশিষ্ট্য।”’
শ্বশুর–শাশুড়ির সম্পর্ক নিয়ে নিজের উপলব্ধির কথা লিখতে গিয়ে সোনিয়া লিখেছেন, ‘আমি বলব, স্বামী ফিরোজের সঙ্গেই একমাত্র নিঃশর্ত ঘনিষ্ঠতা ছিল ইন্দিরা গান্ধীর। এমনকি তাঁদের দাম্পত্য সম্পর্ক যখন ভেঙে পড়ার মুখে, তখনো তিনি ফিরোজকে ভালোবাসায় ভরা চিঠি লিখতেন। একবার আমি তাঁকে বলেছিলাম, আমার ছোট বোন তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ভাবছে। তা শুনে ইন্দিরা গান্ধী আমাকে বলেছিলেন, ওকে বলে দিয়ো, প্রবল রাগ বা ক্ষোভের সময় কোনো সিদ্ধান্ত যেন না নেয়। ফিরোজের সঙ্গে দূরত্ব নিয়ে আমি সব সময় অনুতপ্ত থেকেছি। ওটাই আমার দুঃখবোধ।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category