প্রভাত স্পোর্টস : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসের অন্যতম স্মরণীয় হার দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমবারের ইউরোপের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় খেলতে নেমে ইতালিয়ান ক্লাব কোমো তাদের ৪-১ গোলে বিধ্বস্ত করে। সেই হারের রাতে মাঠের বাইরেও বিপাকে পড়েছেন ইউনাইটেডের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। তার বাসায় চুরির অভিযোগে ইতোমধ্যে তদন্ত চলছে।
সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের বাড়িতে অনুপ্রবেশের একটি ঘটনা তদন্ত করছে পুলিশ। তার বাসা থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি হয়েছে। বুধবার রাতে ওই আবাসিক ঠিকানায় সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তদন্ত করছে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কাউন্টি চেশায়ারের পুলিশ।
গোয়েন্দা কর্মকর্তা ডেভ জারভিস সংবাদমাধ্যমকে জানান, ‘ফোনকলে একজন জানান যে, প্রতিবেশী বাড়ির পেছনের বাগানে তিনজন অপরিচিত ব্যক্তিকে দেখা গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে সন্দেহভাজন কারও নিশানা পাননি। তবে কর্মকর্তারা ওই বাড়িতে চুরির ঘটনা আঁচ করছেন এবং খোয়া গেছে বেশ কিছু জিনিস।’
ম্যানচেস্টার ইউনাইটেড ইতালিতে কোমোর কাছে হেরে বসেছিল। ওই সময় বাসায় তার পরিবারের কেউ ছিল না বলে নিশ্চিত করেছে দ্য অ্যাথলেটিক। তাদের বক্তব্যও পাওয়া যায়নি এখন পর্যন্ত।
চলতি মৌসুমে ইউনাইটেডের প্রতিটি ম্যাচই খেলেছেন ব্রুনো ফার্নান্দেজ এবং তার কাঁধে দলটির নেতৃত্বভারও রয়েছে। কোমোর বিপক্ষে হারের ম্যাচটি দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সর্বশেষ সাত ম্যাচেই জয়হীন ম্যানচেস্টারের ক্লাবটি। হারের পর কোচের কৌশল নিয়ে প্রশ্ন তুলে ‘আরও সাহসী’ হওয়ার আহবান জানান ব্রুনো। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে টেবিলের ১৩তম স্থানে রয়েছে ইউনাইটেড।