মো. বাবুল শেখ পিরোজপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুর ল’ কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর ল’ কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা বর্ধিত পরীক্ষার ফি পুনর্বিবেচনা করে শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি পাওয়ায় সাধারণ ও নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থীর পক্ষে বাড়তি ফি বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্ধিত ফি পুনর্বিবেচনার দাবি জানান তারা। শিক্ষার্থী মিতু শিকদার বলেন, এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, তারা যেন বিষয়টি দ্রুত পুনর্বিবেচনা করে বর্ধিত ফি কমানোর উদ্যোগ নেয়। অপর শিক্ষার্থী আবুল কালাম আজাদ বলেন, অনেক বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশনজটের সমস্যা অনেকটাই কমিয়ে এনেছে। এতে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু অতিরিক্ত পরীক্ষার ফি আমাদের জন্য নতুন করে আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার বর্ধিত ফি পুনর্বিবেচনা করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।