প্রভাত সংবাদদাতা,ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বাজারের ব্যবসায়ীরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রায় এক ঘণ্টা ধরে চলা এ অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিডস্টোর বাজার এলাকায় কয়েকজন ব্যবসায়ীর মধ্যে একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ব্যবসায়ীরা মহাসড়কে নেমে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি লাইন ভেঙে টাকা জমা দিতে গেলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তিকে কিল-ঘুষি মারা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তারা রাস্তায় নেমে আসেন। এতে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। বর্তমানে সেখানকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।