প্রভাত বিনোদন : চেহারা ও শারীরিক পরিবর্তন ঘটায় ভক্তদের চিন্তিত করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি অভিনেতার এক ভিডিও ও কিছু ছড়িয়ে পড়ার পর মূলত জল্পনা ওঠে- ভালো নেই বলিউডের ভাইজান। অস্বাভাবিক রোগা ও বয়সের চাপে কিছুটা ক্লান্ত দেখায় ক্তদের মনে তার স্বাস্থ্য নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়।
এমন উদ্বেগের আবহেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাড়া দিয়েছেন সালমান খান। নিজের কিছু নতুন ছবি প্রকাশ করেন অভিনেতা; সঙ্গে ভক্তদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
নতুন ছবিতে তাকে ক্যাপ ও হ্যাট পরা অবস্থায় একটি গম্ভীর ও চিন্তাশীল মেজাজের সাদা-কালো অবয়বে দেখা যায়। ছবির ক্যাপশনে সালমান লিখেছেন, ‘আপ লোগো কি তবিয়ত ক্যায়সি হ্যায়?’— বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘আপনারা সবাই কেমন আছেন?’
সালমানের এই পোস্টটি আসার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানিয়ে অনেক ভক্তই লিখেছেন যে তারা ভালো আছেন, আবার অনেকেই তার নিজের খেয়াল রাখা ও সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।
আবার অনেকের ধারণা, নিজের স্বাস্থ্য নিয়ে চর্চার মাঝে ভক্তদের উল্টো এমন প্রশ্ন করে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন অভিনেতা।
সম্প্রতি মুম্বাইয়ে ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’ (এসআরএ)-র একটি নতুন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন সালমান খান। সেই অনুষ্ঠানে মাথায় ক্যাপ ও হালকা রঙের শার্ট পরা সালমানের যে ছবি ও ভিডিও সামনে আসে, তাতে তাকে আগের মতো সুগঠিত বা প্রাণবন্ত দেখা যায়নি। তার শারীরিক পরিবর্তন ও চেহারায় বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠায় প্রিয় তারকার অসুস্থতা নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয় জোর আলোচনা।