মাহফুজুর রহমান, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জন নারী ও ৪ জন পুরুষকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভা এলাকার চৌমুহনী বাজারে অবস্থিত মিয়ামী ও স্কাইভিউ হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পুরুষরা হলেন—সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. সোহাগ (৪০), একই উপজেলার নজরপুর এলাকার আবুল কালামের ছেলে ইকবাল হোসেন (৪২), দৌলতপুর এলাকার ইসমাইলের ছেলে জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার মিলন উদ্দিনের ছেলে মো. মুন্না (২৩)। এছাড়া অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও চার নারীকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।