• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Headline
শুরু হয়ে গেছে ঈদের ছুটি, সকালে কিছুটা ফাঁকা ছিল রাজধানীর প্রধান সড়কগুলো ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ৬–৪ গোলে, চোট পেলেন মেসি ২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড শিল্পকর্ম আমাদের পাপ, শিল্পচর্চা করে কি আমরা অপরাধী? প্রশ্ন আবুল হায়াতের ‘ছোটকাকু’র নতুন কিস্তি ‘কিশোরগঞ্জের কিশোরদল’–এ শুরুতে ভয় , পরে মুগ্ধ জাকিয়া বারী মম প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পুনরুদ্ধার করলেন হালান্ড। স্কালোনির বিশ্বকাপ দল বাছাই পদ্ধতি একটু অন্যরকম! নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার আশা নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল দুই তারকাকে বিদায় জানাল লিভারপুলের দর্শক-সমর্থকরা, কাঁদলেন সালাহ প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে কোমো, বাদ পড়ল মিলান

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা গুঁড়িয়ে দিল র‍্যাব ক্যাম্পের দেয়াল, কেটে দেয়া হলো রাস্তা

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: গভীর রাতে অতর্কিতে এসে গুলি ছোড়া হয় র‍্যাবের ক্যাম্পে (চৌকি)। এরপর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে ঘটনাস্থলে অভিযান চালাতে না পারেন, সেই লক্ষ্যে অন্তত তিনটি স্থানে কেটে দেয়া হয় রাস্তা।
গতকাল রবিবার দিবাগত রাত দুইটার দিকে এসব ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায়। র‍্যাব জানিয়েছে, রাস্তা কেটে দেয়াসহ নানা প্রতিবন্ধকতার মধ্যেও রাতে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। র‍্যাবের দাবি, ‘সন্ত্রাসী’ ইয়াসিন বাহিনীর সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত।
র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা র‍্যাবের ক্যাম্পে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকলে র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন। তিনি বলেন, ঘটনাস্থলে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি ফোর্স যেতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন স্থানে রাস্তা কেটে দেয় সন্ত্রাসীরা। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছে সন্ত্রাসীদের প্রতিরোধ করেছে। ঘটনাস্থল থেকে একপর্যায়ে কিছু সন্ত্রাসী পালিয়ে গেছে, কয়েকজনকে আটক করা হয়েছে।
কামাল হোসেন নামে র‍্যাবের এক কর্মকর্তা নিজের ফেসবুক আইডিতে অভিযানের বেশ কয়েকটি ভিডিও আপলোড করেন। এর মধ্যে আজ সোমবার ভোরে আপলোড করা দুটি ভিডিওতে জঙ্গল সলিমপুরের রাস্তা কেটে দেয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওতে র‍্যাব কর্মকর্তা কামাল হোসেনকে বলতে শোনা যায়, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে প্রবেশ করতে না পারে, সে জন্য এখানে সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে কালভার্ট এবং রাস্তা কেটে দিয়েছে। যাতে আমাদের গাড়িগুলো ভেতরে প্রবেশ করতে না পারে। ওরা মনে করেছে যে ওদের কৌশলের কাছে আমরা পরাজিত হয়ে যাব। কিন্তু আমরা যে ওদের থেকে আরও বেশি কৌশলী, সেটা ওরা বুঝতে পারেনি।’
র‍্যাব কর্মকর্তারা জানান, রাস্তা কেটে ফেলায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। যেখানে রাস্তা কেটে ফেলা হয়েছে, সেখানে গাড়ি রেখে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা।
চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এগোলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিকে একটি সড়ক ঢুকে গেছে পাহাড়ের ভেতরে। সে পথেই শুরু জঙ্গল সলিমপুর। ছিন্নমূল ও আলীনগর-মূলত এ দুটি অংশে বিভক্ত এলাকাটি। জেলা প্রশাসনের তথ্যমতে, এখানে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী।
গত ৯ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয়। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়। এর আগে বিভিন্ন সময় চেষ্টা করেও এলাকাটির নিয়ন্ত্রণ নিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরং অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের পর এলাকাটিতে পুলিশ ও র‍্যাবের জন্য দুটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয় সরকার। এরই অংশ হিসেবে র‍্যাব আলীনগরে একটি ক্যাম্প তৈরির কাজ শুরু করে। গতকাল রাতে সেই ক্যাম্পটি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে।
গত ৯ মার্চ পরিচালিত যৌথ অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন, রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিন; মশিউর রহমান, নুরুল হক ভান্ডারি, গাজী সাদেক, গোলাম গফুরসহ কয়েকজন ‘সন্ত্রাসী’ এখনো পলাতক। এলাকাবাসী জানান, অভিযানের আগে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা রোকনের দখলে আর আলীনগর এলাকা ইয়াসিনের দখলে ছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category