প্রভাত বিনোদন: মুক্তির আগেই ভারতীয় সিনেমার বহুল প্রতীক্ষিত ছবিগুলোর একটি হয়ে উঠেছে যশ অভিনীত ‘টক্সিক’। তবে ছবিটির প্রচারণার পাশাপাশি বিতর্কও কম হচ্ছে না। বিশেষ করে সম্প্রতি প্রকাশিত ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু সমালোচনার বড় অংশই গিয়ে পড়েছে কিয়ারার ওপর, যেখানে একই দৃশ্যে অভিনয় করেও প্রশংসা পাচ্ছেন যশ। এই বৈষম্যমূলক আচরণের কড়া সমালোচনা করেছেন ছবির অভিনেতা বেনেডিক্ট গ্যারেট।
সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট গ্যারেট বলেন, যশকে যেখানে আগুনের ইমোজি দিয়ে প্রশংসায় ভাসানো হচ্ছে, সেখানে কিয়ারাকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিদ্রূপ করা হচ্ছে।
বেনেডিক্ট গ্যারেট বলেন, ‘মানুষ লিখছে, “কিয়ারার তো সবে বিয়ে হয়েছে। তিনি একজন মা।” কেউ লিখছেন, “স্বামী সিদ্ধার্থ মালহোত্রার বদলে যশের সঙ্গে হানিমুন করছেন”—এসব মন্তব্য সত্যিই হাস্যকর।’
বেনেডিক্ট প্রশ্ন তোলেন, ‘যশও তো বিবাহিত, তাঁরও সন্তান আছে। তাহলে শুধু নারী অভিনেত্রীই কেন আক্রমণের শিকার হবেন, আর পুরুষ অভিনেতা প্রশংসা পাবেন?’ তিনি মনে করিয়ে দেন, অভিনয়শিল্পীদের কাজই হলো চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা। বাস্তব জীবনের সম্পর্ক নয়, পর্দার গল্পই তাঁদের পেশা।
‘তাঁরা অভিনেতা। তাঁদের কাজ চরিত্রে অভিনয় করা, দর্শককে বিশ্বাস করানো যে তাঁরা প্রেমে পড়েছেন—যদিও বাস্তবে তা নয়। মানবজীবনের গল্পই তাঁরা পর্দায় তুলে ধরেন,’ বলেন বেনেডিক্ট।
নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি জানান, গল্পের প্রয়োজনে তিনটি ভিন্ন প্রযোজনায় তাঁকে নগ্ন দৃশ্যেও অভিনয় করতে হয়েছে। তাঁর মতে, কিয়ারা ও তাঁর স্বামী সিদ্ধার্থ মালহোত্রা—দুজনই অভিনেতা হিসেবে জানেন, পেশাগত কারণে কখনো কখনো এমন দৃশ্যে অভিনয় করতে হতে পারে।
বেনেডিক্টের ভাষায়, ‘মানুষ কিয়ারার অভিনয়ের সমালোচনা করছে না। তাঁরা সমালোচনা করছেন, কারণ তিনি কারও স্ত্রী, কারও মা। যেন বিয়ে হয়ে গেলে একজন অভিনেত্রীর অভিনয় বন্ধ করে দেওয়া উচিত! এটা একেবারেই অযৌক্তিক। সমস্যা কিয়ারার পেশাদারত্বে নয়, বরং তাঁকে আক্রমণকারীদের দ্বিমুখী মানসিকতা ও ভণ্ডামিতে।’
ভিডিওর ক্যাপশনেও বেনেডিক্ট একই বক্তব্য তুলে ধরেন। সেখানে লেখেন, ‘যশ একই কাজ করার জন্য প্রশংসা পাচ্ছেন, অথচ কিয়ারা আদভানিকে তাঁর কাজ করার জন্য আক্রমণের মুখে পড়তে হচ্ছে। “তাবাহি” গান ঘিরে এই প্রতিক্রিয়া অভিনেতা-অভিনেত্রীর চেয়ে আমাদের সমাজ সম্পর্কে অনেক বেশি কথা বলে।’
বেনেডিক্ট আরও লেখেন, ‘অভিনেতাদের পারিশ্রমিক দেওয়া হয় চরিত্র ফুটিয়ে তোলার জন্য, নিজের ব্যক্তিগত জীবন পর্দায় তুলে ধরার জন্য নয়। কেউ বিবাহিত বলে যদি রোমান্টিক চরিত্রে অভিনয় করাকে ভুল ধরা হয়, তাহলে অভিনয়শিল্প সম্পর্কে আমাদের মৌলিক ধারণাতেই সমস্যা আছে। প্রত্যেক অভিনেতার নিজের সীমারেখা নির্ধারণের অধিকার আছে। কিন্তু পেশাগতভাবে রোমান্টিক দৃশ্যে অভিনয়ের জন্য কাউকে আক্রমণ করা সমালোচনা নয়, বরং অভিনয়শিল্প সম্পর্কে ভুল–বোঝাবুঝিরই প্রকাশ।’
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে যশ ও কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনের প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে