মো. নুরুল আমিন, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সাসহ চারজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি অটোরিক্সা উদ্ধার করা হয়।
জানা যায়, ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে এসআই তারেক হাসান, এসআই আবুল কালাম আজাদ ও এসআই মো. শফিকুল ইসলামসহ একটি বিশেষ টিম রবিবার দিবাগত (৬ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ধনীখোলা ইউনিয়নের দাসপাড়া (হাজী বাড়ি সংলগ্ন) এলাকা থেকে আব্দুল আজিজ (৩৪) ও শাকিল আহমেদ (৩২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার মধ্য বাড়েরা এলাকা থেকে মো. আহাদ হোসাইন (২০) ও মো. আবুল হোসেন (৩২) নামে আরও দুইজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করা সম্ভব হয়।
থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চুরি ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।