মো. মাহবুবুর রহমান, পাথরঘাটা : উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী প্রচারাভিযান। সম্প্রতি উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনে “আমাদের পানি, আমাদের অধিকার (Our Water, Our Right)” প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করে যুব নেটওয়ার্ক এক্টিভিস্তা।
প্রচারাভিযানে সভাপতিত্ব করেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম, এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সমাজসেবক ইরফান আহমেদ সোয়েন, সমকাল পত্রিকার প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. হারুন অর রশিদ এবং সমাজসেবক মো. রুস্তুম আলী হাওলাদার।
কর্মসূচিতে পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সরকার ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ করে কলস হাতে শত শত নারীর উপস্থিতি প্রচারাভিযানকে ভিন্নমাত্রা দেয় এবং উপকূলের দীর্ঘদিনের পানি সংকটের বাস্তব চিত্র তুলে ধরে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততার বিস্তার এবং ভূগর্ভস্থ সুপেয় পানির অপ্রাপ্যতার কারণে পাথরঘাটাসহ উপকূলীয় এলাকায় নিরাপদ পানির সংকট দিন দিন প্রকট হচ্ছে। এ সংকট নিরসনে সরকারের বৃহৎ ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের পাশাপাশি কার্যকর পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে বিষয়টি জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্য ও চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
প্রধান অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম স্থানীয় মানুষের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
আয়োজকরা বলেন, এটি শুধু একটি প্রচারাভিযান নয়; বরং নিরাপদ ও সুপেয় পানিকে মানুষের মৌলিক ও ন্যায্য অধিকার হিসেবে প্রতিষ্ঠার একটি মানবিক আন্দোলন।
যুব নেটওয়ার্ক এক্টিভিস্তা বরগুনার সদস্য মো. জাকির হোসেন নাইম বলেন, “এই প্রচারাভিযানের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নিরাপদ ও সুপেয় পানির সংকটকে জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাই। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলের মানুষের জন্য টেকসই ও কার্যকর পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”