প্রভাত সংবাদদাতা,পাবনা: পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নবনির্মিত মিলনায়তনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া জেলার সুজানগরে একটি বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে পৌনে দুইটার দিকে এসব ঘটনা ঘটে।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা সদর উপজেলা পরিষদ চত্বরের নবনির্মিত মিলনায়তনের পেছন দিকের জানালার কাচ ভেঙে ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটালে ভেতরে আগুন ধরে যায়। এতে মিলনায়তনের দুটি চেয়ার পুড়ে যায় এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ক্ষতিগ্রস্ত হয়।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মুখ বাঁধা তিন ব্যক্তি মিলনায়তনে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা সদর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিলনায়তনের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে একই রাত দুইটার দিকে জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, আগুনে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
অন্যদিকে কার্যক্রমে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলার আতাইকুলা, ভাঙ্গুড়া, সাঁথিয়া, বেড়া ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে মশালমিছিল বের করে মহাসড়ক অবরোধের চেষ্টা চালান।
মাধপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, রাতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি স্থানে গাছ কেটে ও গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। তবে সাঁথিয়া থানা-পুলিশের সহায়তায় তাৎক্ষণিকভাবে সেগুলো সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এ ছাড়া গভীর রাতে সুজানগরের আহমেদপুর গ্রামে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ১২টার দিকে বেড়া উপজেলার চাকলা এলাকায় অবরোধ সমর্থকেরা টায়ার জ্বালিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, সদর ইউএনও মিলনায়তনে ককটেল বিস্ফোরণ, নাজিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও মহাসড়কসহ কয়েক জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। ফেইসবুকে এ সংক্রান্ত ছবি ও ভিডিও দেখা যাচ্ছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা নেই। পুলিশ এগুলো নিয়ে কাজ করছে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।