মোঃ বাবুল শেখ, পিরোজপুর প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পিরোজপুরের মুক্তারকাঠী বাইপাস সড়কে এ কর্মসূচির উদ্বোধন হয়|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার অংশ হিসেবে কৃষক দলের দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু| বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন তালুকদার| সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাবিব খান|
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান| বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই| কর্মসূচির আওতায় পিরোজপুর জেলায় পর্যায়ক্রমে কৃষকদলের পক্ষ থেকে ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়।