প্রভাত সংবাদদাতা, পিরোজপুর: পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেক দম্পতির বাড়িতে ভাঙচুর করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে শহরের ম্যাটানিটি রোডে থাকা তাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে।
সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও তার বড় ছেলে তানভীর মুজিব অভি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় সুত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে এ বাড়িটিতে মেরামতের কাজ শুরু করেছিল। রাতে বেশ কিছু যুবক এসে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
সাবেক চেয়ারম্যান মজিবর রহমান খালেক সাংবাদিকদের জানান, তাদের বাড়িতে রাতে আবারও হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এরপর হামলাকারীরা তার মালিকানাধীন পাড়েরহাট এলাকায় থাকা চালের মিলেও হামলা চালায়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ৯৯৯ কল করে এক ব্যক্তি পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।