• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline
শিবচরে মা হত্যার পাঁচ দিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ ইউনিফর্মধারীদের তুলে নেয়ার চার মাসেও সন্ধান নেই মিরাজের গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তিল পরিমাণ ছাড়ও দেওয়া হবে না : জামায়াত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ ‘আমাদের নজরুল’ তারেক রহমান: চিফ হুইপ রাজনৈতিক প্রতিপক্ষকে বিনা বিচারে আটক না রাখার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের বিচারক মামুনুর রশিদকে ফৌজদারি মামলা থেকে বিরত থাকার নির্দেশ
নুসরাত হত্যা মামলা

বিচারক মামুনুর রশিদকে ফৌজদারি মামলা থেকে বিরত থাকার নির্দেশ

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: নুসরাত জাহান রাফি হত্যার মামলার রায় দেওয়া ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদকে ফৌজদারি মামলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। মাইন্ডলেস সেন্টেন্স তথা বিচারিক বিবেচনাবোধ প্রয়োগ না করে ১৬ আসামিকে ফাঁসি দেওয়ায় ওই বিচারকের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে সোমবার (২৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে আলোচিত এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে চারজনের যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দেন আদালত।
মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা ও ওই মাদরাসার ছাত্র শাহাদাত হোসেন ওরফে শামীম। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও মোহাম্মদ ইমাম হোসেন তারেক এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবা তাসনিম আঁখি। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজাহান, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী খন্দকার মুশফিকুল হুদা, এস এম মাসুদ হোসেন দোলন প্রমুখ।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি ঘটান। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ। আলোচিত সে রায়ে মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ছিলেন, সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. রুহুল আমিন, ছাত্র নুর উদ্দিন, শাহাদাত হোসেন ওরফে শামীম, পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মো. জোবায়ের, জাবেদ হোসেন ওরফে শাখাওয়াত হোসেন জাবেদ, শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আবছার উদ্দিন, নুসরাতের সহপাঠী কামরুন নাহার মণি ও উম্মে সুলতানা পপি; আবদুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মো. শামীম ও মহিউদ্দিন ওরফে শাকিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category