প্রভাত ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ২০০ কর্মকর্তা বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার দাবি, এসব কর্মকর্তা সরকারের ভেতরের বিভিন্ন তথ্য বিরোধীদের কাছে পৌঁছে দিচ্ছেন।
সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী এ দাবি করেন। তবে ওই কর্মকর্তাদের পরিচয় বা তারা কী ধরনের তথ্য দিচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
সুপ্রিম কোর্ট অভিমুখে কংগ্রেসের পদযাত্রার আগে এমন মন্তব্য করেন রাহুল গান্ধী। নির্বাচনব্যবস্থা সংস্কার এবং সংবিধান রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে রাহুল বলেন, মোদী সরকারের ভেতরের ২০০ কর্মকর্তা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা বিভিন্ন তথ্য তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তবে তার এই দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।
রাহুল গান্ধী বলেন, সংবিধানের মর্যাদা রক্ষা, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিষয়ে দাবি পূরণ এবং নির্বাচনব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত তরুণেরা আন্দোলন থামাবেন না। তিনি আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস