• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করতে ডুবিয়ে দেয়া হলো যুক্তরাষ্ট্রের জাহাজ

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ডুবিয়ে দেওয়া হয়েছে একসময় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়া প্রমোদতরি ‘এসএস ইউনাইটেড স্টেটস’। ৯৯০ ফুট দীর্ঘ জাহাজটিকে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম প্রবালপ্রাচীরে পরিণত করতে বুধবার (১১ নভেম্বর) মেক্সিকো উপসাগরে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়।
স্থানীয় সময় রাত ৯টার দিকে ফ্লোরিডার ডেস্টিন-ফোর্ট ওয়ালটন বিচ থেকে প্রায় ২২ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে নির্ধারিত স্থানে জাহাজটি পানির নিচে তলিয়ে যায়। খারাপ আবহাওয়ার আশঙ্কায় ওকালুসা কাউন্টি কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের এক দিন আগেই জাহাজটি ডুবিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে ভেটেরান্স ডে বা যুক্তরাষ্ট্রের সাবেক সেনাসদস্যদের সম্মান জানানোর দিনেই সম্পন্ন হয় এই কার্যক্রম। বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাহাজটির ভেতরে পানি ঢোকানোর কাজ শুরু করেন কর্মীরা। আয়োজকদের ধারণা ছিল, এক ঘণ্টার মধ্যেই জাহাজটি ডুবে যেতে পারে। কিন্তু প্রায় পাঁচ ঘণ্টা ভেসে থাকার পর একদিকে কাত হয়ে দ্রুত পানির নিচে হারিয়ে যায় বিশাল জাহাজটি।
কাউন্টির এক মুখপাত্র জানান, ধারণার চেয়ে জাহাজটি ডুবতে বেশি সময় লেগেছে। এর একটি কারণ, জাহাজটি সমুদ্রের তলদেশে যেন ভারসাম্যপূর্ণভাবে অবস্থান করে, সে জন্য এর ১২৮টি জ্বালানি ও লুব্রিকেন্ট ট্যাংকে পানি ভরা হয়েছিল। জাহাজটি ডুবে যাওয়ার আগে এটি ডুবানোর দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কোলিন মেরিনের প্রেসিডেন্ট বলেছিলেন, সহজে হার মানবে না এসএস ইউনাইটেড স্টেটস। তবে পরিবেশ ও বিস্ফোরকসংক্রান্ত কেন্দ্রীয় বিধিনিষেধের কারণে জাহাজটি ডুবাতে বিস্ফোরক ব্যবহার করতে পারেনি কাউন্টি কর্তৃপক্ষ ও তাদের ঠিকাদারি প্রতিষ্ঠান। এর পরিবর্তে জাহাজের বয়লারের শীতলীকরণ ব্যবস্থার সঙ্গে যুক্ত ট্যাংকগুলো সরিয়ে ফেলা হয়। এরপর ভালভ খুলে দিলে সমুদ্রের পানি জাহাজের ভেতরে প্রবেশ করতে পারে।
এছাড়া জাহাজের ডেকে ১০ ফুট বাই ১০ ফুট মাপের বড় বড় ছিদ্র করা হয়। খুলে ফেলা হয় ৪০০টিরও বেশি গোলাকার জানালা বা পোর্টহোল।
কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির জন্য নির্ধারিত স্থানটির সমুদ্রতলের গভীরতা প্রায় ১৮০ ফুট। তবে ডুবে যাওয়া জাহাজটির ওপরের ডেক রয়েছে পানির প্রায় ৬০ ফুট গভীরে। ফলে খুব বেশি অভিজ্ঞতা নেই, এমন ডুবুরিরাও জাহাজটি দেখতে যেতে পারবেন।
১৩৫ লাখ ডলারের এই প্রকল্পের লক্ষ্য হলো, এলাকায় ডুবুরি ও মাছ শিকারিদের আকৃষ্ট করা এবং টুনা, মার্লিন ও সোর্ডফিশের মতো সামুদ্রিক মাছের জন্য নতুন আবাসস্থল তৈরি করা। ওকালুসা কাউন্টির পর্যটনবিষয়ক পরিচালক জানিয়েছেন, কাউন্টির কৃত্রিম প্রবালপ্রাচীরগুলো থেকে বছরে প্রায় ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ ডলার আয় হয়।
তার প্রত্যাশা, জাহাজটি ডুবানোর পেছনে কাউন্টির বিনিয়োগ করা ১ কোটি ডলার কয়েক বছরের মধ্যেই উঠে আসবে। এ ছাড়া ভবিষ্যতে আরও পাঁচ বা ছয়টি কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির পরিকল্পনা রয়েছে।
এসএস ইউনাইটেড স্টেটস ডুবিয়ে দেওয়ার ফলে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরের আগের রেকর্ডটি ভেঙে গেছে। এত দিন এ রেকর্ডের মালিক ছিল বিমানবাহী রণতরি ইউএসএস অরিসকানি। ২০০৬ সালে ফ্লোরিডার পেনসাকোলা উপকূলে জাহাজটি ডুবিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়েছিল। কাউন্টির মুখপাত্রের মতে, দুটি ডুবে যাওয়া জাহাজের অবস্থান এত কাছাকাছি যে অভিজ্ঞ কোনো ডুবুরি চাইলে এক দিনেই দুটিতে ঘুরে আসতে পারবেন।
এসএস ইউনাইটেড স্টেটস নির্মাণে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের জাহাজ নির্মাণশিল্পের ৩ হাজারের বেশি কর্মী কাজ করেছিলেন। ১৯৫২ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে জাহাজটি। ওই বছরের প্রথম সমুদ্রযাত্রায় ঘণ্টায় প্রায় ৪১ মাইল গড় গতিতে আটলান্টিক পাড়ি দেয় এটি। এর মাধ্যমে ১৯৩৮ সালে ব্রিটেনের আরএমএস কুইন মেরির গড়া আটলান্টিক পাড়ি দেওয়ার রেকর্ড ভেঙে ‘ব্লু রিব্যান্ড’ খেতাব অর্জন করে জাহাজটি। সমুদ্রগামী কোনো প্রমোদতরির গতির সেই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।
রেকর্ড গড়া এই জাহাজটি ১৯৬৯ সালে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হওয়ার আগে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিল ৮০০ বারেরও বেশি। ১৯৯৬ সাল থেকে এটি ফিলাডেলফিয়ার বন্দরে নোঙর করা ছিল। পরে পরিষ্কার ও দূষণমুক্ত করার কাজের জন্য ২০২৫ সালে জাহাজটি টেনে আলাবামার মোবাইল বন্দরে নেওয়া হয়। সেখান থেকে গত সোমবার কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির নির্ধারিত স্থানের উদ্দেশে যাত্রা করে এটি। জাহাজটি ডুবিয়ে দেয়ার আগেই এর ৬৫ ফুট উচ্চতার দুটি চিমনি খুলে নেওয়া হয়। এসএস ইউনাইটেড স্টেটসের ইতিহাস নিয়ে নির্মিতব্য একটি জাদুঘরের মূল আকর্ষণ হিসেবে এগুলো রাখা হবে।

সূত্র: মেরিন ইনসাইট


আপনার মতামত লিখুন :
More News Of This Category