প্রভাত স্পোর্টস: গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন গোলকিপাররা। তবে দলবদলের বাজারে তাদের মূল্যও এখন আকাশছোঁয়া। সেই দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছেন বার্সেলোনার স্প্যানিশ গোলরক্ষক জোয়ান গার্সিয়া। তার সম্ভাব্য দলবদল মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৬ লাখ ইউরো। তালিকায় তার পরেই রয়েছেন ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি ডোনারুম্মা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্নে ল্যামেন্স।
সিআইইএস ফুটবল অবজারভেটরির প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছেন ২৫ বছর বয়সী গার্সিয়া। বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। সম্ভাব্য দলবদল মূল্য ৭ কোটি ৯৯ লাখ ইউরো নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ইতালি ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। গার্সিয়ার চেয়ে দুই বছরের বড় এই গোলকিপারের চুক্তির মেয়াদও ২০৩১ সালের জুন পর্যন্ত।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বেলজিয়াম ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেন্নে ল্যামেন্স। তার সম্ভাব্য ট্রান্সফার মূল্য ৬ কোটি ৪২ লাখ ইউরো। সিআইইএস ফুটবল অবজারভেটরি তাদের নিজস্ব পরিসংখ্যানভিত্তিক মডেল ব্যবহার করে এই মূল্যায়ন করেছে। খেলোয়াড়দের পুরোনো ও সাম্প্রতিক পারফরম্যান্সসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলারদের সম্ভাব্য দলবদল মূল্য নির্ধারণ করা হয়।
শীর্ষ ১০ গোলকিপারের তালিকায় প্রিমিয়ার লিগের আধিপত্য স্পষ্ট। এই তালিকার সাতজনই খেলেন ইংল্যান্ডের শীর্ষ লিগে। বাকি তিনজন হলেন বার্সেলোনার গার্সিয়া, পিএসজির মাতভি সাফোনভ (নবম) এবং বায়ার্ন মিউনিখের জোনাস আরবিগ (দশম)।
শীর্ষ ১০-এ জায়গা না পেলেও তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে আছেন ইংল্যান্ডের গোলকিপার জেমস ট্র্যাফোর্ড। লিডসের হয়ে খেলা এই গোলরক্ষকের সম্ভাব্য মূল্য ৪ কোটি ৮৯ লাখ ইউরো। তিনি রয়েছেন ১১তম স্থানে।
শীর্ষ পাঁচ ইউরোপীয় লিগের বাইরে পোর্তোর গোলরক্ষক ডিয়েগো কস্তা সবচেয়ে এগিয়ে। সিআইইএসের মূল্যায়নে তিনি পিএসভি আইন্দহোভেনের মাতেই কোভার ও ওয়েস্ট হ্যামের ম্যাডস হারমানসেনের চেয়ে এগিয়ে রয়েছেন।
তালিকার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় লুকা ব্রুঘমান্স। বেলজিয়ামের ক্লাব কেআরসি গেঙ্কের এই গোলরক্ষকের বয়স ১৮ বছর ৪ মাস। তার সম্ভাব্য মূল্য ২ কোটি ৩৮ লাখ ইউরো। সেরা ১০০ গোলকিপারের তালিকায় অনূর্ধ্ব-২১ বয়সী আর মাত্র দুজন রয়েছেন, আরবি সালজবুর্গের ক্রিস্তিয়ান জাওইশিৎজকি (১৯ বছর ৫ মাস) এবং ব্রাজিলের ক্রুজেইরোর ওতাভিও (২০ বছর ৯ মাস)।