• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Headline

যুদ্ধবিরতির পর বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিশেষ ইউনিট রেদওয়ান ফোর্সের কমান্ডার মালেক বালু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ বৈরুতের ঘোবেইরি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন। নেতানিয়াহু বলেন, তিনি ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ হামলার নির্দেশ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বসতিতে গুলি চালানোসহ সেনাদের ক্ষয়ক্ষতির জন্য রেদওয়ান ফোর্স দায়ী। দায়ী ব্যক্তিদের কেউ রেহাই পাবে না। ইসরায়েল সব শত্রু ও হত্যাকারীদের খুঁজে বের করবে।
নেতানিয়াহু আরও বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি তাঁরা দিয়েছেন, এটি তারই অংশ। ইসরায়েলি এ দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ১৭ এপ্রিল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর বৈরুতের শিয়া–অধ্যুষিত দক্ষিণ উপকণ্ঠে এই প্রথম ইসরায়েলি হামলা হলো। যদিও শুরু থেকেই দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছিল।
লেবাননের টায়ার শহর থেকে আল-জাজিরার প্রতিনিধি ওবাইদা হিত্তো জানান, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে শান্ত পরিস্থিতিই বিরাজ করছিল। এর মধ্যেই এই হামলা চালানো হলো। গত ৯ এপ্রিলের পর এই প্রথম লেবাননের রাজধানীর দক্ষিণ উপকণ্ঠে কোনো হামলা হলো।
আল-জাজিরার এই প্রতিনিধি বলেন, একটি অলিখিত সমঝোতা ছিল যে যুদ্ধবিরতি চলাকালে বৈরুতে হামলা হবে না। কিন্তু ইসরায়েল বলে আসছে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলে যেকোনো স্থানে হামলা চালানোর অধিকার তারা রাখে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এলাকাটিতে অনেক মানুষ ফিরে এসেছিলেন। হামলার আগে বিভিন্ন ভিডিওতে এলাকাটির রাস্তায় মানুষের ভিড় দেখা গিয়েছিল।
এদিকে লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে তারা দক্ষিণের বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের সতর্ক করে। সরে যেতে বলে।
পাল্টা হিসেবে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ২ হাজার ৭০০–এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নিহত অনেক ব্যক্তিও আছেন। এই সংঘাতে এখন পর্যন্ত ১৭ ইসরায়েলি সেনা ও ১ জন বেসামরিক ঠিকাদারের নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category