প্রভাত সংবাদাদাতা, রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রূপগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, অবৈধ অস্ত্রের বিস্তার, ভূমিদখল, অবৈধ আবাসন প্রকল্পসহ বিভিন্ন সামাজিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে রূপগঞ্জ জুড়ে অস্ত্রের ঝনঝনানি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়েও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এসব বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় রূপগঞ্জে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতার দৌরাত্ম্য নিয়েও আলোচনা হয়। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল, ভয়ভীতি প্রদর্শন বা অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ না পায়—এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। প্রকৃত সাংবাদিকতা ও জনস্বার্থের সাংবাদিকতা উৎসাহিত করার পাশাপাশি অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া রূপগঞ্জের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ আবাসন প্রকল্প, কৃষিজমি ও জলাশয় ভরাট এবং ভূমিদখলের অভিযোগ নিয়েও আলোচনা হয়। এসব বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থে প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানান সাংবাদিকরা।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় রূপগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।