প্রভাত সংবাদদাতা, হোমনা : কুমিল্লার হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই দাবিতে উপজেলার ৯টি ইউনিয়নেও পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের প্রধান বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নির্দেশনায় নয়টি ইউনিয়নেও স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, স্লোগান ও অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, হোমনা-তিতাসের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নির্দেশনায় তাঁরা রাজপথে রয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে হোমনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন।