• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

আনসার সদস্যদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে : মহাপরিচালক

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, সদস্যদের দীর্ঘদিনের দাবির মুখে ইতোমধ্যে বিতর্কিত রেস্ট প্রথা বাতিল করা হয়েছে। পাশাপাশি আবাসন, নিজ বিভাগে বদলি ও রেশন ব্যবস্থার আধুনিকায়নসহ সার্বিক সদস্য কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত ‘অঙ্গীভূত আনসার মৌলিক কুচকাওয়াজ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক এসব কথা বলেন।
আনসার মহাপরিচালক বলেন, বর্তমানে সারাদেশের পাঁচ হাজারের বেশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় প্রায় ৫৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। জাতীয় নিরাপত্তা জোরদারে তাদের পেশাদারিত্ব ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি, নির্বাচনি এলাকার ভোট কেন্দ্রে নিরাপত্তায় আনসার বাহিনী গুরুত্বের সাথে কাজ করে আসছে। এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলে আনসার বাহিনীর তৎপরতা রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে সেবাদানেও আনসার সদস্যরা ভূমিকা রাখছে।
এসময় তিনি নবীন সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে জরুরি পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সেবামূলক সংস্থার সঙ্গে সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রম প্রসারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া ৬০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে মোট ৬৫৪ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ৬২৭ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে ফায়ারিংয়ে প্রথম স্থান অধিকার করেন কুমিল্লার কাজী মো. আবু সাঈদ, ড্রিলে সেরা হন নোয়াখালীর মো. ফিজুর রহমান এবং সেরা প্রশিক্ষণার্থী হিসেবে পুরস্কৃত হন খাগড়াছড়ির মো. সাবিকুর রহমান। কুচকাওয়াজ শেষে তুরস্কের জেন্ডারমেরি দলের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় দাঙ্গা প্রতিরোধবিষয়ক নিরাপত্তা মহড়া প্রদর্শন করা হয়। এর আগে, সকাল সাড়ে ১০ টায় আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি উপস্থিত হন। পরে লাল গালিচা সজ্জিত ছাদ খোলা জিপ গাড়িতে করে প্যারেড পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) মো. সাইফুল্লাহ রাসেল, তুরস্কের প্রশিক্ষক ও বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category