• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার অনুমোদন দিল বিশ্বব্যাংক

Reporter Name / ১১৯ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশের ২ কোটি ৬০ লাখ শিশুর প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বিশেষ করে শিশুদের পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে সহায়তার লক্ষ্যে নেওয়া ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাকসেলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ কর্মসূচির জন্য ৬ নভেম্বর বিশ্বব্যাংক গ্রুপের নির্বাহী পরিচালনা পর্ষদ এ অর্থায়নের অনুমোদন দিয়েছে। এ উদ্যোগের লক্ষ্য প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিখনফল উন্নত করা, পাঠদান ও বিদ্যালয় ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং পড়াশোনায় পিছিয়ে পড়া শিশুদের বাড়তি সহায়তা দেয়া। বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় শতভাগ শিশুর অংশগ্রহণ নিশ্চিত হলেও শিক্ষার মান এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১০ বছর বয়সী প্রায় ৫০ শতাংশ শিশু তাদের বয়সোপযোগী সহজ কোনো লেখা পড়ে বুঝতে পারে না। উচ্চমধ্যম আয়ের দেশ মালয়েশিয়ায় এ হার ৪২ শতাংশ এবং ব্রাজিলে ৪৭ শতাংশ।
বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম বলেন, “বিশ্ববাজারে প্রতিযোগিতায় সক্ষম কর্মশক্তি গড়ে তোলার অন্যতম ভিত্তি হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা।”তিনি বলেন, গত দুই দশকে প্রায় সব শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসতে সহায়তা করেছে বিশ্বব্যাংক গ্রুপ। নতুন এ অর্থায়ন শিশুদের আরও ভালোভাবে শিখতে এবং বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করবে। এর মাধ্যমে ভবিষ্যতে তাদের উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরির ভিত্তি গড়ে উঠবে। বাংলাদেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় দুই কোটির বেশি শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে।
এ কর্মসূচির আওতায় শিশুদের পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা উন্নয়নে সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ জন্য শিক্ষা উপকরণ সরবরাহ, কাঠামোবদ্ধ পাঠপরিকল্পনা প্রণয়ন ও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ শতাংশ প্রধান শিক্ষককে নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে এবং বিদ্যালয় ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হবে। পড়াশোনায় পিছিয়ে পড়া শিশুদের ঘাটতি কাটিয়ে উঠতে বিশেষ শিখন সহায়তাও দেওয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের শিখনফল বা লার্নিং আউটকাম সবচেয়ে দুর্বল—এমন জেলাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞ ও কর্মসূচিটির দলনেতা তাসমিনা রহমান বলেন, “ভালো কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনের ক্ষেত্রে মৌলিক শিক্ষায় শক্ত ভিত্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যাতে পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে কর্মসূচিটির আওতায় পড়াশোনায় পিছিয়ে থাকা শিশুদের বিশেষ শিখন সহায়তা দেওয়া হবে। এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।”তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা ও বিদ্যালয়ের নেতৃত্বের মানোন্নয়ন, বাজেট ব্যবহারে জবাবদিহি বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণে তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও সহায়তা দেওয়া হবে।
কর্মসূচিটির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা শিশুদের পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা উন্নয়নে আরও কার্যকরভাবে পাঠদান করতে পারেন। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাক্-প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে শিশুরা মৌলিক দক্ষতা অর্জনের পাশাপাশি আনুষ্ঠানিক শিক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে।
বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, এ কর্মসূচির ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আরও ৮ লাখ ৪৩ হাজার উন্নত ও বেশি বেতনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নিম্ন আয়ের দেশগুলোর জন্য বিশ্বব্যাংক গ্রুপের তহবিল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে এ অর্থায়ন দেওয়া হচ্ছে। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণের মেয়াদ ২৫ বছর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category