• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল— সতর্ক জামাল তুরস্কের ফার্স্ট লেডির দেয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন এক বছরের জন্য মাঠের বাইরে সাদ উদ্দিন! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ফিরে যাচ্ছেন চীনা শিক্ষার্থীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে : রিজভী রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের অধিকাংশই লোকসানে ধুঁকছে: সংসদে শিল্পমন্ত্রী নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব : নাহিদ ইসলাম

দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের ডেইরি খাতকে টেকসই, লাভজনক ও জলবায়ু সহনশীল করতে দুধের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, বর্জ্যের সুষ্ঠু ব্যবহার এবং দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন জরুরি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। বিপরীতে জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। চাহিদার তুলনায় বছরে প্রায় ৫ লাখ ২৬ হাজার মেট্রিক টন দুধের ঘাটতি রয়েছে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘দেশের অর্থনীতি, গ্রামীণ জনগোষ্ঠীর জীবন-জীবিকা এবং পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধের ঘাটতি পূরণে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনায় সমান গুরুত্ব দিতে হবে।’
তিনি বলেন, ‘দেশে প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। বিশেষ করে গ্রামীণ নারীরা খামার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পাশাপাশি তরুণ উদ্যোক্তারা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ ও কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছেন। এসব খামারি ও উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, অর্থায়ন এবং বাজারসুবিধা নিশ্চিত করা প্রয়োজন।’
দেশের ডেইরি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, অপর্যাপ্ত কোল্ড-চেইন সুবিধা এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এ খাতের অন্যতম সমস্যা। তবে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম খাদ্য সরবরাহ, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশদূষণ কমানো সম্ভব।’ তিনি আরও বলেন, ‘সরকার টেকসই ডেইরি খাত গড়ে তুলতে সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করছে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এ উদ্যোগের অংশ।’
এ সময় উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদফতর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর ও খামারিদের দক্ষতা উন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদারের তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। এ ছাড়া সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক ও দুগ্ধশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category