প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে দুই চীনা শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন। আরও ছয়জনের ফিরে যাওয়ার কথা রয়েছে শুক্রবার (১৩ নভেম্বর)। বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার এ তথ্য জানান। তিনি গণমাধ্যমকে বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা দেখে চীনা শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এ ঘটনায় দুই শিক্ষার্থী এরই মধ্যে চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন।
অধ্যাপক এম এ কাউসার বলেন, আরও ছয়জন আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) দেশে ফিরবেন। তাদের আরও কয়েক দিন পর যাওয়ার কথা থাকলেও ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতির কারণে আগেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপের বিষয়ে অন্য বিদেশি শিক্ষার্থীদের অবহিত করা হয়েছে জানিয়ে এম এ কাউসার বলেন, এতে তারা আশ্বস্ত হয়েছেন।
গত রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টানা তিন দিন ধরে ১০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় চালক গুরুতর আহত হন। এসব ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে।