• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ঢাকার বস্তি ও উপকূলের ৮ জেলার উন্নয়নে আসছে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প পোশাকশ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: বাবুল আক্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, দাম নির্ধারণে চলছে চূড়ান্ত আলোচনা বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন নিয়ে ইইউ’র উদ্বেগ, ডিসেম্বরে বৈঠকে বসছে ২৭ দেশ ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ছেড়ে কয়লার দিকে ঝুঁকছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

ইউজিসির আহ্বানেও অনড় ঢাবি-বুয়েট, বিপাকে শিক্ষার্থীরা

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: অনিশ্চয়তার মুখে পড়েছেন লাখো শিক্ষার্থী। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন দেড় লাখের বেশি। পরীক্ষায় পাস করে উচ্চশিক্ষায় ভর্তির স্বপ্ন দেখছেন তাদের অনেকে। অথচ দেশের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অনড় সিদ্ধান্তে সেই স্বপ্ন পূরণের সুযোগ থাকছে না।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকছে না। মেডিকেলে ভর্তি নিয়েও একই জটিলতা। বিপরীতে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও জগন্নাথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিশেষ সুযোগ রেখেছে।
এতে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে দুই ধরনের ব্যবস্থা তৈরি হয়েছে। একদল সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। অন্যরা পাস করেও পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বসতে পারবেন না।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের দাবি, পরীক্ষায় পাস করলে যোগ্যতা অনুযায়ী সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে হবে তাদের। সময়সূচির ফাঁদে ফেলে কাউকে বাদ দেয়া ঠিক হবে না। প্রয়োজনে শর্তসাপেক্ষে আবেদন নেয়ার ব্যবস্থা করতে হবে।
শিক্ষাবিদদের মতে, এইচএসসি পরীক্ষার আগেই সাপ্লিমেন্টারি পরীক্ষার ঘোষণা দিয়েছিল সরকার। শিক্ষা বোর্ডগুলোও দ্রুত পরীক্ষা নিচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত আবেদন বা পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনে সবাইকে সুযোগ দেয়া।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. মনজুর আহমদ গণমাধ্যমকে বলেন, ‘একই দেশে ভিন্ননীতি এটা খুব খারাপ দৃষ্টান্ত। বৈষম্য তো বটেই, মৌলিক অধিকারও হরণ বলা যায়। সাপ্লিমেন্টারি পরীক্ষা যেহেতু আছে, ভর্তির সুযোগও থাকতেই হবে। পরীক্ষায় যারা পাস করবে, তাদের যে কোনোভাবে যোগ্যতা অনুযায়ী সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখতে হবে। এক্ষেত্রে সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে আরও কঠোর সিদ্ধান্ত নিতে হবে।’
গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলে ১১ শিক্ষা বোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্যদের মধ্যে এক বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন। দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনকে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। গত ৫ থেকে ৯ নভেম্বর পরীক্ষার আবেদন নেওয়া হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, আবেদন করেছেন ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন। বিষয়ভিত্তিক আবেদন জমা পড়েছে ৩ লাখ ৮৭ হাজার ৫৯৩টি। আগামী ১ ডিসেম্বর ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে। ৫ ডিসেম্বর আইসিটি পরীক্ষা। ১৫ ডিসেম্বরের মধ্যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। ফল প্রকাশের লক্ষ্য ৩১ ডিসেম্বর। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ বাঁচাতেই দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশের উদ্যোগ। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের সঙ্গে সমন্বয় না হওয়ায় সেই উদ্দেশ্য বাধাগ্রস্ত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর।
বিশ্ববিদ্যালয়টির ঘোষিত সময়সূচি অনুযায়ী- ৫ ডিসেম্বর আইবিএ এবং ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে। ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অথচ সাপ্লিমেন্টারি পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। ফল প্রকাশের লক্ষ্য ডিসেম্বরের শেষ নাগাদ। ফলে পরীক্ষায় উত্তীর্ণ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ থাকছে না শিক্ষার্থীদের। একই অবস্থা বুয়েটেও। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির আবেদন শুরু হবে ২১ নভেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। বুয়েট কর্তৃপক্ষ পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন না করার সিদ্ধান্ত জানিয়েছে। ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরা ফল প্রকাশের পরও নতুন করে আবেদন করার সুযোগ পাবেন না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভর্তির আবেদন ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এখানেও সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের আগেই আবেদন শেষ হয়ে যাবে।
অন্যদিকে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর আয়োজনের সিদ্ধান্ত রয়েছে। ফলে ডিসেম্বরের শেষ দিকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ হলে এসব শিক্ষার্থীর একই শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না। এ বিষয়ে বিকল্প ব্যবস্থা নেওয়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্তও এখনো জানা যায়নি।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করতে গত ৯ নভেম্বর জরুরি সভা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সভায় সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। জানুয়ারি থেকে ভর্তির আবেদন এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়।
ইউজিসির এ উদ্যোগের পর কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রমের সময় পরিবর্তন করেছে। কেউ আবেদন পিছিয়েছে। কেউ পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ রেখেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট আগের সিদ্ধান্তে বহাল রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘোষিত আবেদনসূচিও সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি করছে না। ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষার মূল উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগে জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ১৩ ফেব্রুয়ারি ‘সি’ এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়টিতে সাধারণ শিক্ষার্থীদের আবেদন চলবে ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর সাত দিন আবেদন করার সুযোগ পাবেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ও ভর্তি পরীক্ষা পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেনি। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য আবেদনের সময় বাড়িয়েছে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রয়োজনীয় জিপিএ ও অন্যান্য যোগ্যতা অর্জন করলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়েছে ভিন্ন উদ্যোগ। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১ জানুয়ারি। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এসএসসির ফলের ভিত্তিতে শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। পরে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও আবেদনের সময় পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ জানুয়ারি আয়োজনের পরিকল্পনা রয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টিও কর্তৃপক্ষ বিবেচনা করছে।
সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের সুযোগ দিতে কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ায় শিক্ষাবর্ষের সময়সূচি নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিসেম্বরেই ভর্তি পরীক্ষা শেষ করার পরিকল্পনা করেছে। বুয়েট পরীক্ষা নেবে জানুয়ারিতে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে। এতে ভর্তি পরীক্ষা আয়োজনের সময়েই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রায় দুই থেকে আড়াই মাসের ব্যবধান তৈরি হচ্ছে। ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু করতেও এ পার্থক্য থাকতে পারে।
ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ গণমাধ্যমকে বলেন, ‘একই পরীক্ষায় (এইচএসসি) পাস করেও কেউ পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন, কেউ পাবেন না। আবার কেউ সময়মতো স্নাতক শেষ করবেন, অন্য কেউ পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবেন। এটা বড় ধরনের বৈষম্য। এ থেকে বেরোনোর উপায় খোঁজা উচিত।’
সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য সব বিশ্ববিদ্যালয়ে সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একদিকে রয়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও ভর্তি কার্যক্রম যথাসময়ে শেষ করার চ্যালেঞ্জ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের একটি বছর বাঁচানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ না থাকলে সেই উদ্যোগের সুফল সবার কাছে পৌঁছাবে না। সেদিক বিবেচনা করে সমন্বিত সিদ্ধান্ত নেওয়াটাই যুক্তিযুক্ত হবে।’
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা এক দফায় সভা করেছি, নির্দেশনা দিয়েছি। সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয় সেটা মেনে ভর্তি পরীক্ষা পিছিয়েছে। আশা করি, অন্যরাও সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনা করবেন।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category