• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ভাঙা টব বা বালিতেও হবে ধনেপাতা, বীজ বপনের সহজ নিয়ম

Reporter Name / ৩১ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রকমারি ডেস্ক: মাছের ঝোল, ডাল কিংবা তরকারি বাঙালির নানা পদের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ধনেপাতার জুড়ি নেই। বাজার থেকে কিনে আনার বদলে চাইলে বাড়িতেই ফলাতে পারেন টাটকা ধনেপাতা। এর জন্য আলাদা করে চারা কেনারও প্রয়োজন নেই। গোটা ধনিয়ার বীজ মাটিতে বপন করলেই গজিয়ে উঠবে নতুন চারা। এমনকি বাড়ির অব্যবহৃত টব, বালতি কিংবা ভাঙা পাত্রেও করা যায় এই চাষ। তবে ভালো ফলন পেতে বীজ বপন থেকে শুরু করে গাছের যত্ন সবকিছুতেই রাখতে হবে একটু খেয়াল।

ধনেপাতা চাষে যা যা লাগবে

ধনেপাতা চাষের জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। প্রথমে ৮ থেকে ১০ ইঞ্চি আকারের একটি টব বা পাত্র বেছে নিন। পুরোনো বালতি কিংবা ভাঙা টবও ব্যবহার করতে পারেন। তবে পাত্রের নিচে পানি বের হওয়ার জন্য ছিদ্র থাকা জরুরি। পানি জমে থাকলে গাছের শিকড় পচে যেতে পারে।
মাটি তৈরির জন্য দোআঁশ মাটির সঙ্গে কম্পোস্ট সার বা কোকোপিট মিশিয়ে নিন। মাটি যেন ঝুরঝুরে হয়, সেদিকে খেয়াল রাখুন। এরপর টবটি এমন জায়গায় রাখুন, যেখানে প্রতিদিন অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা সূর্যের আলো আসে।

কীভাবে বীজ বপন করবেন

ধনেপাতা চাষের জন্য বাজারে পাওয়া গোটা ধনে বীজ ব্যবহার করতে পারেন। তবে বীজ বপনের আগে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।
১. ধনে দানার ভেতরে সাধারণত দুটি বীজ থাকে। তাই বপনের আগে বেলন দিয়ে আলতো করে চাপ দিয়ে অথবা হাতের সাহায্যে দানাগুলো হালকাভাবে ভেঙে নিন। এতে বীজ থেকে দ্রুত অঙ্কুর বের হতে পারে। তবে বেশি চাপ দিয়ে গুঁড়া করবেন না।
২. বীজগুলো একটি ভেজা কাপড় বা টিস্যুতে মুড়িয়ে এক রাত রেখে দিতে পারেন। পরদিন সকালে সেগুলো মাটিতে বপন করুন।
৩. টবের মাটিতে প্রায় আধা ইঞ্চি গভীর করে বীজ পুঁতে দিন। এক জায়গায় সব বীজ না দিয়ে কিছুটা দূরত্ব রেখে ছড়িয়ে বপন করুন। এরপর অল্প পরিমাণে পানি দিন। সাধারণত বীজ বপনের এক থেকে দুই সপ্তাহের মধ্যে চারা গজাতে শুরু করে। এ সময় মাটির আর্দ্রতা ধরে রাখা জরুরি।

কতটা পানি দেবেন

ধনেপাতা গাছের মাটি আর্দ্র রাখা প্রয়োজন। তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। মাটির ওপরের অংশ শুকিয়ে আসলে পানি দিন। টবের নিচে পানি জমে থাকলে তা বের করে দিন। অতিরিক্ত পানির কারণে শিকড় পচে যেতে পারে। এ ছাড়া পাতাও হলুদ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

কখন সার দেবেন

ধনেপাতা গাছে খুব বেশি সারের প্রয়োজন হয় না। বীজ বপনের তিন থেকে চার সপ্তাহ পর অল্প পরিমাণে জৈব সার বা কম্পোস্ট দিতে পারেন। এতে গাছের বৃদ্ধি ভালো হতে পারে। তবে অতিরিক্ত সার ব্যবহার করা থেকে বিরত থাকুন।

পোকামাকড়ের আক্রমণ ঠেকাবেন যেভাবে

ধনেপাতা গাছে পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে পানির সঙ্গে নিম তেল মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন। পাশাপাশি টবের চারপাশে নেট বা জাল দিয়ে ঘিরে রাখলে পোকামাকড়ের উপদ্রব কিছুটা কমানো সম্ভব। অল্প জায়গা, সামান্য যত্ন আর কয়েকটি ধনে বীজ এইটুকুতেই বাড়িতে গড়ে তুলতে পারেন ছোট্ট ধনেপাতার বাগান। রান্নার সময় প্রয়োজনমতো গাছ থেকে পাতা তুলে ব্যবহার করতে পারবেন। এতে একদিকে যেমন মিলবে টাটকা ধনেপাতা, অন্যদিকে বাড়ির অব্যবহৃত পাত্রও কাজে লাগবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category