• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় কর্মবিরতি, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সাভার: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের প্রভাব পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। শনিবার (২১ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজে যোগ না দেওয়ায় অন্তত ৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও দুটি কারখানায়। শনিবার দুপুর ১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানান।
শিল্প পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বাভাবিক দিনের মতোই কাজে যোগ দেন। বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছিল। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ শুরুর সময় সকাল আটটার পরিবর্তে সকাল সাতটা নির্ধারণের প্রতিবাদে তারা কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি। পরে শ্রমিকদের কর্মবিরতির মুখে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে আগামীকাল থেকে সকাল আটটা থেকেই কারখানার কার্যক্রম শুরু হবে বলে শ্রমিকদের জানানো হয়। এছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকার আরও কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে সেসব কারখানাও দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন কার্যক্রম চালু থাকা একটি কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, ‘কাঠগড়া এলাকায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক সচল কারখানাগুলোর সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’ শিল্পাঞ্চল পুলিশ-১-এর দেওয়া তথ্য অনুযায়ী, আজ শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে। নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুটি কারখানায়। এর বাইরে সকালে শ্রমিকদের কর্মবিরতির মুখে আরও কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। তবে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিরতা থাকলেও সার্বিক পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category