প্রভাত সংবাদদাতা,খাগড়াছড়ি:খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা। বিকট শব্দ শুনে তারা ঘর থেকে বের হয়ে দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। জানা গেছে, ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। তার দাবি, বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
ঘটনার বর্ণনা দিয়ে সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দ শুনে ঘর থেকে বের হন তিনি। এ সময় বাড়ির দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীদের ডাকলে তারা এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তিনি বলেন, আমরা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। বিকট শব্দ শুনে বের হয়ে দেখি দেয়ালের পাশে আগুন জ্বলছে। প্রতিবেশীদের ডেকে আনার পর তারা আগুন নেভান। ঘুমের মধ্যে বিষয়টি টের না পেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো।
প্রতিবেশীরা জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত বাড়িটিতে ছুটে যান। পরে সবাই মিলে চেষ্টা চালিয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার আলামত দেখা গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও মামলা করা হয়নি। তাদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মা-বাবা বাড়িতে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন তিনি। রবিবার (২২ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ অভিযোগ করেন। তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত তিনটার পর অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সাদিক কায়েমের পরিবারের সদস্যদের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় বাড়ির সিঁড়ির পাশের উঠানে আগুন জ্বলতে দেখেন। পরে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে কেরোসিনও পড়ে থাকতে দেখেন তারা।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।
জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।