• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যহত নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ ভোটে কালোটাকা-পেশিশক্তি ঠেকাতে ইসির আশ্বাস, অনিয়মে প্রার্থিতা বাতিল নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন: ইসি মাছউদ ১ ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সেনাবাহিনী মোতায়েনের কোনও পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি তিতাসে সারের সরকারি মূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যহত

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ-বিক্ষোভের প্রভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়ে পড়েছে। পদ্মা সেতু দিয়ে সীমিত আকারে জরুরি যানবাহন চলাচল করলেও যাত্রীবাহী বাস চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, পরিবহন চালক ও কর্মজীবী মানুষ। রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা-ভাঙ্গা অংশের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। সকাল ১০টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হলে পদ্মা সেতু দিয়ে সীমিত আকারে জরুরি যানবাহন চলাচল শুরু হয়। তবে অ্যাম্বুলেন্স, জরুরি খাদ্যপণ্যবাহী যানবাহন ও দু-একটি ব্যক্তিগত গাড়ি ছাড়া সেতুতে যানবাহনের উপস্থিতি খুবই কম দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা ও বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন পদ্মা সেতু হয়ে রাজধানীতে যাতায়াত করে। প্রতিদিন বিভিন্ন পরিবহন কোম্পানির প্রায় এক থেকে দেড় হাজার যাত্রীবাহী বাস এই সেতু পার হয়ে ঢাকায় প্রবেশ করে। তবে রোববার সেই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সেতুতে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় কার্যত জনশূন্য সড়কের মতো পরিস্থিতি তৈরি হয়।
সেতুর টোল প্লাজা এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী আরিফুজ্জামান জানান, সকাল থেকে তিনি সেখানে অবস্থান করছেন। কিন্তু পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল ছিল খুবই সীমিত। মাঝে মাঝে অ্যাম্বুলেন্স, দু-একটি ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন দেখা গেলেও যাত্রীবাহী বাস চোখে পড়েনি। সেতুর আশপাশেও যাত্রীদের উপস্থিতি ছিল খুব কম।
শরীয়তপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক তালুকদার জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। এরপর সীমিত আকারে বাস চলাচল শুরু হয়। এক্সপ্রেসওয়ে ব্যবহার না করে রূপবাবুর ক্যান্টনমেন্ট সড়ক দিয়ে বিকল্প পথে বাস চলাচল করতে পারায় শরীয়তপুরের কিছু বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারছে। তিনি বলেন, স্বাভাবিক দিনের তুলনায় আজ ২০ থেকে ২৫টি বাস কম চলেছে। যাত্রীসংখ্যাও অনেক কম। মাদারীপুর ও বরিশাল থেকে কিছু যাত্রী আসায় অল্পসংখ্যক যাত্রী নিয়ে বাসগুলো ঢাকার উদ্দেশে যাত্রা করছে।
এদিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের কারণে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। মাদারীপুরের টেকেরহাট এলাকার বাসিন্দা সোহেল হোসেন জানান, সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, অনেক যাত্রীকে পরিবারের সদস্যদের নিয়ে ব্যাগ হাতে হেঁটে যেতে দেখা গেছে। কোথাও রিকশা বা ভ্যানে উঠছেন, আবার কিছু দূর যাওয়ার পর নেমে হাঁটছেন। এভাবে বিকল্প ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকে।
খুলনার ময়লাপোতা এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম জানান, গতকাল থেকেই পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রয়েছে। খুলনা থেকে বাসগুলো দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট হয়ে বিকল্প পথে ঢাকায় যাতায়াত করছে। এতে যাত্রাপথের দূরত্ব ও সময় বেড়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি জানান, তার বড় ভাই শফিকুল ইসলাম খুলনা থেকে বাসে ঢাকায় গেছেন। ঢাকায় পৌঁছে ফোনে তিনি দীর্ঘ যাত্রার কারণে ভোগান্তির কথা জানিয়েছেন।
বরিশালের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন কাজী নুরুল ইসলাম। তিনি জানান, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে সড়কে চলাচল করা যাচ্ছে না। রোববার ঢাকায় একটি সভায় যোগ দেওয়ার কথা থাকলেও বাস চলাচল বন্ধ থাকায় যেতে পারেননি। কেউ কেউ বিকল্প পথে ভেঙে ভেঙে যাতায়াত করছেন। শরীয়তপুর সীমান্তবর্তী এলাকার কিছু যাত্রী মুলাদী ও গোসাইরহাট হয়ে শরীয়তপুরের দিকে রাজধানীতে যাতায়াত করছেন। তিনি আরও বলেন, অনেকে রাতে নদীপথে লঞ্চে ঢাকায় যাওয়ার অপেক্ষায় রয়েছেন। নিরাপদ যাতায়াতের কথা বিবেচনা করে তিনিও রাতের লঞ্চে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছেন।
অবরোধ ও বিক্ষোভের কারণে পদ্মা সেতু, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে ভোগান্তি বেড়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প পথ ও পরিবহন ব্যবহার করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ দুর্ভোগ অব্যাহত থাকার আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category