• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে দেম্বেলের চোটে দুশ্চিন্তায় পিএসজি সাথে ফ্রান্স

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুই সপ্তাহও আর বাকি নেই। বড় ধাক্কা খেলো ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। তাদের তারকা খেলোয়াড় উসমান দেম্বেলের চোটে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ফ্রান্সের কপালেও।
আর্সেনালের বিপক্ষে ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবে পিএসজি। এই ম্যাচের আগে ২০২৫ ব্যালন ডি’অর জয়ীর চোট নিঃসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে। তাছাড়া ইউরোপ সেরার লড়াইয়ে নামার আগে লিগের শেষ ম্যাচে হারও ভাবাচ্ছে প্যারিস ক্লাবকে। রবিবার রাতে পিএসজি শেষ লিগ ওয়ান ম্যাচে ২-১ গোলে হেরেছে প্যারিস এফসির কাছে। বুদাপেস্টে গানারদের মুখোমুখি হওয়ার আগে এই হার তাদের মনোবলে আঘাত করল।
গত সপ্তাহে লেন্সের বিপক্ষে জিতে টানা পঞ্চম লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করায় এই ম্যাচটির গুরুত্ব হয়তো পিএসজির কাছে ছিল না। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য এটি ছিল শেষ প্রস্তুতি। এই ম্যাচে ৫০তম মিনিটে ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যায় তারা। বদলি নেমে ৭৬ মিনিটে আলিমানি গোরির গোলে সমতা ফেরায় তাদের প্রতিবেশী ক্লাব। তারপর ইনজুরি টাইমে আরেকটি গোল করেন তিনি। স্তাদে জ্য-বুইনে এই হার ছাপিয়ে আলোচনায় দেম্বেলের ইনজুরি। শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন আনার পর আধঘণ্টা না যেতেই আবার খেলোয়াড় বদল করতে বাধ্য হন লুইস এনরিকে। ২৭তম মিনিটে দেম্বেলে চোট পান। তার বদলে মাঠে নামেন গনসালো রামোস।
আসন্ন বিশ্বকাপে ফ্রান্সের পরিকল্পনায় দেম্বেলে গুরুত্বপূর্ণ অংশ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বাঁ পায়ে অস্বস্তিবোধ করতে থাকেন তিনি। তারপর পা চেপে ধরে সোজা টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, পায়ের পেশির এই টান অতটা গুরুতর নয়। পূর্বসতর্কতা হিসেবে তাকে মাঠ ছাড়তে হয়েছে। কারণ সামনে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার লড়াই। দেম্বেলের চোট কতটা গুরুতর, তা জানতে অপেক্ষা করতে হবে। তবে এই দিনে পিএসজি যে অভিজ্ঞতার মুখোমুখি হলো, সেটা যে তারা চায়নি, তা নিশ্চিত করেই বলা যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category