প্রভাত বিনোদন: দুই দশকের অভিনয়জীবন জাকিয়া বারী মমর। এই জীবনে আফজাল হোসেনের সহশিল্পী হিসেবে হাতেগোনা দু–তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। তবে তাঁর পরিচালনায় কাজ করার সুযোগ কখনো হয়নি। এবার সেই অপেক্ষার অবসান হলো। শিশুতোষ সিরিজ ‘ছোটকাকু’র নতুন কিস্তি ‘কিশোরগঞ্জের কিশোরদল’–এ প্রথমবারের মতো আফজাল হোসেনের পরিচালনায় অভিনয় করলেন মম। এই সুযোগকে নিজের অভিনয়জীবনের বিশেষ এক প্রাপ্তি বলেই মনে করছেন তিনি।
সম্প্রতি কিশোরগঞ্জে নাটকটির শুটিং শেষ হয়েছে। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ছোটকাকু সিরিজের নতুন আট পর্বের এই গোয়েন্দাধর্মী গল্পের নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। নির্মাণ করেছেন আফজাল হোসেন, সহপরিচালনায় ছিলেন আরিফ খান।
বর্তমানে আফজাল হোসেন ভারতের দিল্লিতে অবস্থান করছেন। এরই মধ্যে নাটকটির পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। এবারের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ আলী, তানভীর হোসেন ও মারিয়া ফারিহা উপমা প্রমুখ। পরিচালনার পাশাপাশি অভিনয়ে আছেন আফজাল হোসেনও।
আফজাল হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক গল্পের প্রতি আগ্রহ ছিল। সেই ভালো লাগা থেকেই ছোটকাকু সিরিজের সঙ্গে দীর্ঘ পথচলা। শিশুদের জন্য দেশে খুব বেশি কাজ হয় না বলেই এই সিরিজ নির্মাণে বিশেষ আনন্দ খুঁজে পাই।’
প্রথমবার তাঁর পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে মম বলেন, ‘আফজাল হোসেনরা তো এ সময়ে হাইপে ওঠা মানুষ নন, তাঁরা প্রকৃত অর্থেই গুণী মানুষ। তিনি আমাদের দেশের সম্পদ। পরিচালনার সময় একজন শিল্পীর কাছ থেকে কী চান, সেটা খুব পরিষ্কারভাবে বোঝাতে পারেন। এই কমিউনিকেশনটা একজন পরিচালকের সঙ্গে অভিনয়শিল্পীর জন্য খুব গুরুত্বপূর্ণ।’
কথা প্রসঙ্গে মম বললেন, ‘আমরা তো তাঁর অনেক জুনিয়র। ছোটবেলা থেকে টেলিভিশনে তাঁকে দেখে বড় হয়েছি। কখনো তাঁর পরিচালনায় কাজ করব, এটাই তো ভাবিনি। তাই শুরুতে একটা সংশয়, ভয় ছিল; কিন্তু তিনি এত সুন্দরভাবে শিল্পীকে কমফোর্ট দেন, চরিত্রটি কীভাবে দেখতে চান, কী ধরনের অভিনয় চান—সবকিছু স্পষ্ট করে বোঝান। তাই তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা সত্যিই দারুণ।’
সহশিল্পী হিসেবে আগে কয়েকটি কাজ করলেও ‘কিশোরগঞ্জের কিশোরদল’ নাটকটি তাঁর কাছে বিশেষ হয়ে থাকবে বলে জানান মম। তিনি বলেন, ‘যে মানুষের নিজের সম্মান আছে, তিনি অন্যকেও সম্মান করতে জানেন। আফজাল হোসেন যখন তাঁর পরিচালনায় কাজ করার প্রস্তাব দিয়েছেন, তখন আমি সত্যিই সম্মানিত বোধ করেছি।’
মম জানান, নাটকটির জন্য তিনি দুই দিন শুটিং করেছেন। গত শুক্রবার তাঁর অংশের কাজ শেষ হয়েছে। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের অংশ হিসেবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’ প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে।