• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ভোলায় নদী ভাঙন রোধের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ভোলা: ভোলার শিবপুর ও মেদুয়ার মেঘনা নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এসময় ভোলা সদরের শিবপুর ও দৌলতখানের মেদুয়া ইউনিয়নের দুই শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে জেলার যুগিরঘোল এলাকার পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা।
এর আগে কর্মসূচিতে অংশ গ্রহণ করতে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ফেস্টুন ও ব্যানার নিয়ে হাজির হন আন্দোলনকারীরা। পরে পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়কে বসে কিছু সময় বিক্ষোভ করেন তারা।
এরপর পানি উন্নয়ন বোর্ডের গেট দিয়ে ভিতরে প্রবেশের সময় পুলিশের বাঁধার মুখে পড়ে তারা। এক পর্যায়ে বাধা অতিক্রম করে ভিতরে প্রবেশ করে স্লোগান দেন তারা। পরে ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ এসে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। আশ্বাসের পর স্থান ত্যাগ করেন আন্দোলনকারীরা।
ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, ‘শিবপুর ও মেদুয়া ইউনিয়ন সিসি ব্লক দ্বারা বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। আশাকরি আগামী এক মাসের মধ্যে প্রকল্পটি অনুমোদন হয়ে যাবে।’ তবে আন্দোলনকারী মো. রাকিব হোসেন, মো. আল আমিন ও মো. মিরাজসহ একাধিক ব্যক্তি বলেন, দীর্ঘ দিন ধরে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের বিভিন্ন অংশ ভাঙনের শিকার হয়েছে। ইতোমধ্যে শিবপুরের ভোলার খাল মৎস্য ঘাট, ফসলি জমি, বসতঘরসহ বিভিন্ন এলাকা বিলীন হয়েছে। পানি উন্নয়নের জিও ব্যাগ ফেললেও ভাঙন ঠেকানো যচ্ছেনা। তাই শিবপুর ও মেদুয়া ইউনিয়নকে ভাঙনের হাত থেকে রক্ষায় দীর্ঘ দিন ধরে সিসি ব্লক দ্বারা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করেছি। কিন্তু পানি উন্নয়ন বোর্ড পদক্ষেপ নেয়নি। এ কারণে আজ পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশ্বাস দিয়েছেন আগামী এক মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন। তার আশ্বাসে আজকের কর্মসূচি আপাতত শেষ করেছি। এক মাসের মধ্যে কোনো পদক্ষেপ না গ্রহণ করলে আবারও কঠোর কর্মসূচি পালন করবো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category