• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

‘বারাণসী’ ছবিতে যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন রাজামৌলি

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : সিনেমা নির্মাণে আয়োজনের কমতি রাখেন না দক্ষিণ ভারতীয় নির্মাতা এস এস রাজামৌলি। ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘আরআরআর’ কিংবা চলমান ‘বারাণসী’, প্রতিটি ছবিতে যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন তিনি। অনেক দিন ধরেই ধাপে ধাপে চলছে মহাকাব্যিক ছবি ‘বারাণসী’র কাজ। এবার জানা গেল এক চমকপ্রদ খবর। ছবির একটি দৃশ্যে নাকি নায়কের সঙ্গে থাকবেন সাড়ে তিন হাজার শিল্পী!
মিড ডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে একটি যুদ্ধের দৃশ্যের প্রস্তুতি নিচ্ছে ‘বারাণসী’ টিম। এতে ছবির নায়ক মহেশ বাবুর সঙ্গে থাকবেন প্রায় ৩ হাজার ৫০০ জন জুনিয়র শিল্পী। এমন বিশাল পরিসরে নির্মাতা রাজামৌলিও এর আগে কোনো কাজ করেননি। তাই দৃশ্যটি নিয়ে পুরো টিম উচ্ছ্বসিত। ৭ জুলাই থেকে ভারতের হায়দরাবাদে শুরু হবে এই শুটিং। চলবে বেশ কয়েকদিন।
খবরটি সামনে এসেছে রাজামৌলির কাছ থেকে। ২৭ জুন তিনি অংশ নিয়েছেন প্যারিসের ‘লা সিনেমাথিক ফ্র্যাঞ্চাইজ’-এ। সেখানে ‘বারাণসী’র এক ঝলক দেখানো হয়েছে। সেটা দেখে মুগ্ধ হয়েছেন উপস্থিত সকলে। আলাপের ফাঁকেই নতুন দৃশ্যায়নের খবর দেন নির্মাতা।
রাজামৌলি জানান, বাস্তবে যতটা বড় পরিসরে কাজটি হচ্ছে, তার চেয়েও বড় পরিসরের কাজ চলছে ভিএফএক্সে। প্রযুক্তির মাধ্যমে ৫০ হাজার বানরের বাহিনী বানানো হবে ছবির জন্য। এর ফলে যুদ্ধের দৃশ্যটি মহাকাব্যিক হতে চলেছে, তা বলার অবকাশ রাখে না।
বিশাল বাজেটে পৌরাণিক অ্যাকশন ছবিটি বানাচ্ছেন রাজামৌলি। এতে মহেশ বাবুর সঙ্গে আছেন প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারনের মতো তারকারা। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category