প্রভাত বিনোদন: সিল্ক স্মিতার জীবনীনির্ভর ব্যবসাসফল সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির ১৫ বছর পর এর সিক্যুয়েল তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রযোজক একতা কাপুর। রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অংশ নিয়ে তিনি নিশ্চিত করেছেন যে, ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনা চলছে। তবে কেন্দ্রীয় চরিত্র, অভিনয়শিল্পী বা মুক্তির তারিখ নিয়ে এখনই কিছু প্রকাশ করেননি তিনি।
পডকাস্টে একতা কাপুর বলেন, আমি খুব বড় একটি সিনেমা বানাতে যাচ্ছি, সেটি হলো ‘দ্য ডার্টি পিকচার ২’। ১৫ বছর পর এটি নির্মাণের পরিকল্পনা করছি। এবার আমার মনে হয়েছে, আমার কাছে এমন একটি গল্প আছে যা আমি দর্শকদের জানাতে চাই।
প্রথম কিস্তির স্মৃতিচারণ করে একতা আরও বলেন, দ্য ডার্টি পিকচার তৈরি হয়েছিল সিল্ক স্মিতাকে নিয়ে। এটি ছিল এমন এক নারীকে নিয়ে, যিনি নিজের যৌনতাকে উদযাপনের সাহসী অবস্থান নেয়ার কারণে সমালোচিত হয়েছিলেন। এখন যৌনতা হলো নিজের পছন্দের বিষয়। আমি তাকে কখনোই ভিকটিম হিসেবে দেখিনি; বরং তাকে এমন একজন মানুষ হিসেবে দেখেছি যিনি নিজের অস্তিত্বকে উদযাপন করেছেন এবং ছবিটি দুর্দান্ত সাফল্য পেয়েছিল। তিনি জানান, নতুন সিনেমাটিও নির্দিষ্ট কোনও ব্যক্তির গল্প নিয়ে তৈরি হবে, তবে নাম গোপন রেখেছেন।
২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া মিলান লুথরিয়া পরিচালিত ‘দ্য ডার্টি পিকচার’-এ অভিনয় করেছিলেন বিদ্যা বালান, নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। এটি ১৮ বছরের ক্যারিয়ারে ৪৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন, উত্থান ও সংগ্রামের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ৩৫ বছর বয়সে চেন্নাইয়ের নিজ বাড়িতে আত্মহত্যা করেছিলেন সিল্ক স্মিতা।
ছবিটিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন বিদ্যা বালান। ২০১২ সালে এক সাক্ষাৎকারে সিনেমাটির অভিজ্ঞতা প্রসঙ্গে বিদ্যা বলেছিলেন, সবাই সিনেমাটি পছন্দ করেছেন এবং তার জন্য আমরা কৃতজ্ঞ। আমার মনে হয়, সবচেয়ে বড় পুরস্কার ছিল ‘দ্য ডার্টি পিকচার’-এ সিল্কের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া এবং এই টিমের সঙ্গে কাজ করতে পারা।
সূত্র: এনডিটিভি