• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

কোমরের জোর বাড়াতে করুন ৩ ব্যায়াম

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রকমারি ডেস্ক: শরীরচর্চা করতে গিয়ে অনেকেই পেটের মেদ কমানো বা ওজন ঝরানোর দিকে বেশি নজর দেন। কিন্তু শরীরের যে অংশটি সারাদিনের ধকল সামলায়, সেই কোমর ও তার আশপাশের পেশির যত্ন নেওয়ার কথা ভাবেন না। দীর্ঘক্ষণ বসে কাজ করা, ভারী জিনিস তোলা, হাঁটাচলা কিংবা শরীরের ভারসাম্য বজায় রাখা সব ক্ষেত্রেই কোমরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কোমরের পেশি শক্তিশালী রাখাও জরুরি।
কোমরের নীচের অংশের শক্তি শুধু পিঠের পেশির উপর নির্ভর করে না। পেটের পেশি, নিতম্বের পেশি এবং কোর মাসলও কোমর ও মেরুদণ্ডকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এই পেশিগুলো শক্তিশালী হলে হাঁটাচলা, ওঠাবসা, সোজা হয়ে দাঁড়ানো কিংবা শরীর ঝোঁকানোর মতো দৈনন্দিন কাজ সহজ হয়।
কোমরের পেশির জোর বাড়াতে জিমে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই কয়েক মিনিট সময় দিয়ে অভ্যাস করতে পারেন তিনটি সহজ ব্যায়াম।

বার্ড ডগ

এই ব্যায়ামে শরীরের ভারসাম্য বজায় রেখে বিপরীত হাত ও পা প্রসারিত করতে হয়। এতে পেট, কোমর ও নিতম্বের পেশি সক্রিয় হয়। মেরুদণ্ডের স্থিতিশীলতা বাড়াতেও সাহায্য করে।
কী ভাবে করবেন: প্রথমে দুই হাত ও হাঁটু মাটিতে রেখে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে বসুন। হাত থাকবে কাঁধের ঠিক নীচে এবং হাঁটু নিতম্বের নীচে। পেটের পেশি টানটান রেখে ধীরে ধীরে ডান হাত সামনের দিকে এবং বাঁ পা পিছনের দিকে প্রসারিত করুন। হাত ও পা মেঝের সমান্তরালে রাখার চেষ্টা করুন। কয়েক সেকেন্ড এই অবস্থানে থেকে আগের ভঙ্গিতে ফিরে আসুন। এ বার বাঁ হাত ও ডান পা প্রসারিত করুন। দুই পাশ মিলিয়ে পাঁচ বার করে করুন।

গ্লুট ব্রিজ

দীর্ঘক্ষণ বসে থাকলে নিতম্বের পেশি অনেক সময় আড়ষ্ট হয়ে পড়ে। এই পেশিগুলি কোমর ও শ্রোণিদেশকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। গ্লুট ব্রিজ ব্যায়ামে নিতম্বের পাশাপাশি কোমর ও পেটের পেশিও সক্রিয় থাকে।
কী ভাবে করবেন: প্রথমে চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করুন। পায়ের পাতা মেঝেতে রাখুন এবং দুই হাত শরীরের দু’পাশে রাখুন। এ বার পেটের পেশি টানটান রেখে ধীরে ধীরে কোমর ও নিতম্ব মেঝে থেকে তুলুন। কাঁধ থেকে হাঁটু পর্যন্ত শরীর যেন সরলরেখায় থাকে। কয়েক সেকেন্ড এই অবস্থানে থেকে ধীরে ধীরে কোমর নামিয়ে নিন। এ ভাবে ৮ থেকে ১০ বার করুন। কোমর অতিরিক্ত বাঁকিয়ে ফেলবেন না।

মডিফায়েড সাইড প্ল্যাঙ্ক

কোমরের দু’পাশের পেশি শক্তিশালী করতে এই ব্যায়াম কার্যকর। শরীরের ভারসাম্য বজায় রাখা এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করার সময় কোমরের উপর চাপ সামলাতেও এই পেশিগুলির ভূমিকা রয়েছে।
কী ভাবে করবেন: এক পাশে কাত হয়ে শুয়ে পড়ুন। কনুই রাখুন কাঁধের ঠিক নীচে এবং হাঁটু ভাঁজ করে মেঝেতে রাখুন। এ বার কনুই ও হাঁটুর উপর ভর দিয়ে ধীরে ধীরে নিতম্ব মেঝে থেকে তুলুন। কাঁধ থেকে হাঁটু পর্যন্ত শরীর যেন একটি সরলরেখায় থাকে। স্বাভাবিক ভাবে শ্বাস নিতে নিতে ১০ থেকে ১৫ সেকেন্ড এই অবস্থানে থাকুন। তার পর নিতম্ব নামিয়ে নিন। অন্য পাশেও একই ভাবে ব্যায়ামটি করুন।

ব্যায়ামের সময়ে সতর্কতা

কোমরের ব্যায়াম করার সময় শরীরের নিয়ন্ত্রণ ও সঠিক ভঙ্গি বজায় রাখা জরুরি। শুরুতেই বেশি বার বা দীর্ঘক্ষণ ব্যায়াম করার চেষ্টা করবেন না। শরীর যতটা সইতে পারে, ততটাই করুন। ব্যায়ামের সময় ব্যথা বা অস্বস্তি হলে থেমে বিশ্রাম নিন। কোমরে আগে থেকে চোট বা সমস্যা থাকলে চিকিৎসক কিংবা প্রশিক্ষকের পরামর্শ নিয়ে ব্যায়াম শুরু করা উচিত। এই তিনটি ব্যায়াম করলেই এক দিনে কোমরের পেশি শক্তিশালী হয়ে যাবে না। নিয়মিত অভ্যাসের পাশাপাশি দীর্ঘক্ষণ একটানা বসে থাকা এড়িয়ে চলুন। কাজের ফাঁকে উঠে কিছুক্ষণ হাঁটুন, শরীর সচল রাখুন। তাতেই কোমরের পেশির জড়তা কমাতে ও দৈনন্দিন কাজের সক্ষমতা বজায় রাখতে সুবিধা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category