• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আসছে বাংলাদেশেও

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা মানেই বিশ্বজুড়ে তুমুল আগ্রহ। ‘ওপেনহাইমার’–এর সাফল্যের পর এবার তিনি ফিরছেন আরও বড় পরিসরের এক মহাকাব্যিক গল্প নিয়ে। গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’ ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এই সিনেমা।
প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে ইতিমধ্যে বিশ্বজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। ট্রোজান যুদ্ধ শেষে গ্রিক বীর ওডিসিউসের দীর্ঘ, বিপৎসংকুল ঘরে ফেরার অভিযানের গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি।
ট্রোজান যুদ্ধে এক দশক কাটানোর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওডিসিউস। ভয়ংকর সমুদ্রযাত্রা, অচেনা দ্বীপ, রহস্যময় প্রাণী, দেব-দেবীর রোষ—অসংখ্য বাধা পেরিয়ে প্রায় ২০ বছর পর ঘরে ফেরার সংগ্রামই এই মহাকাব্যের মূল উপজীব্য।

সিনেমায় ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তাঁর ছেলে টেলিম্যাকাসের ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি, জন বার্নথালসহ একঝাঁক তারকা।
‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ ও ‘ওপেনহাইমার’–এর নির্মাতা নোলানের ভাষায়, ‘দ্য ওডিসি’ তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প। তিনি বলেন, প্রতিটি সিনেমারই নিজস্ব চ্যালেঞ্জ থাকে, কিন্তু এই ছবির প্রতিটি ধাপেই ছিল নতুন নতুন চ্যালেঞ্জ। হোমারের অমর মহাকাব্যকে বড় পর্দায় রূপ দেওয়া তাঁর দীর্ঘ চলচ্চিত্রজীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি।
মরক্কো, গ্রিস, ইতালি, আইসল্যান্ডসহ একাধিক দেশে হয়েছে সিনেমাটির শুটিং। যুদ্ধের বিশাল দৃশ্য, বিশালাকার সেট এবং অ্যাকশন সিকোয়েন্স নির্মাণে মাসের পর মাস পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছেন নির্মাতারা।
টেলিম্যাকাস চরিত্রে অভিনয় করা টম হল্যান্ড শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, মরক্কোর সেটে পৌঁছে তাঁর মনে হয়েছিল, তিনি যেন কয়েক হাজার বছর আগের পৃথিবীতে চলে গেছেন। একটি বালিয়াড়ি পেরিয়ে সামনে দেখেন হাজারো শিল্পী, সৈন্যদের সারি, সমুদ্রতীরে শত শত নৌকা এবং বিশাল যুদ্ধের প্রস্তুতি। তাঁর ভাষায়, ‘মনে হচ্ছিল আমি কোনো সিনেমার সেটে নয়, ইতিহাসের একটি অধ্যায়ে এসে দাঁড়িয়েছি।’
অন্যদিকে ওডিসিউস চরিত্রে অভিনয় করা ম্যাট ডেমন বলেন, হলিউডে দীর্ঘদিন কাজ করলেও এত বড় আয়োজন খুব কমই দেখেছেন। ট্রয়ের পতনের একটি দৃশ্যের শুটিংয়ের কথা স্মরণ করে তিনি জানান, চারদিকে আগুনে জ্বলছে বাড়িঘর, হাজার হাজার এক্সট্রা শিল্পী যুদ্ধ করছেন, আগুনের মধ্য দিয়ে ছুটে বেড়াচ্ছেন অভিনেতারা। শট শেষ হওয়ার পর সিনেমাটোগ্রাফার তাঁকে মনে করিয়ে দেন, এত বিশাল আয়োজন আসলে পুরো ছবির একটি ফ্ল্যাশব্যাক দৃশ্যমাত্র।
প্রযুক্তিগত দিক থেকেও ‘দ্য ওডিসি’ নোলানের ক্যারিয়ারে নতুন অধ্যায়। এটি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। নোলানের লক্ষ্য, দর্শকদের সবচেয়ে বাস্তব ও নিমগ্ন সিনেমা দেখার অভিজ্ঞতা উপহার দেওয়া। সব মিলিয়ে ‘দ্য ওডিসি’ যে চলতি বছরের সবচেয়ে আলোচিত এবং বহুপ্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হতে যাচ্ছে, সে আভাস ইতিমধ্যেই স্পষ্ট।


আপনার মতামত লিখুন :
More News Of This Category