• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা! এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক সাফে প্রথমবার আসছে ভিএআর, পরিচালিত হবে থাইল্যান্ড থেকে সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় মানহানি, গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি কমানোর প্রস্তাব ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়েছিল জর্ডানের আবু উবাইদা মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে কাঠবাদামের বিকল্প হিসেবে খেতে পারেন আঁশসমৃদ্ধ ৫ খাবার ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি

ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রকমারি ডেস্ক: বিদেশি ভাষা শেখার জন্য ক্লাসঘরে বসে বইয়ের পাতায় চোখ রাখতেই হবে, এমন নয়। নতুন কোনও শহরে ঘুরতে ঘুরতেও শেখা যায় ভাষা। সেই ভাবনা থেকেই ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলের রুয়াঁ শহরে এক সপ্তাহ কাটালেন ভ্রমণকাহিনিকার অ্যানাবেল অ্যাবস। উদ্দেশ্য, ফরাসি ভাষায় আরও সাবলীল হয়ে ওঠা। আর তার শিক্ষক? বিশ্ববিদ্যালয়ের এক তরুণী ছাত্রী আনা।
অ্যানাবেল জানিয়েছেন, রুয়াঁ শহরের ভাষা শেখার স্কুলগুলোতে খোঁজ করেও জায়গা পাননি তিনি। ব্যক্তিগত শিক্ষকের খোঁজ করেও লাভ হয়নি। শেষ পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্ম ‘অ্যাপ্রেন্টাস’-এর মাধ্যমে পরিচয় হয় আনার সঙ্গে। ঘণ্টাপ্রতি ১৯ ইউরো পারিশ্রমিকে পাঁচ দিন ধরে মোট ১০ ঘণ্টা ফরাসি ভাষা শেখানোর দায়িত্ব নেন রুয়াঁ নরম্যান্ডি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী আনা। যেখানে ভাষা স্কুলের শিক্ষকদের ঘণ্টাপ্রতি পারিশ্রমিক প্রায় ৬০ ইউরো।
তবে তাদের ক্লাসের ধরন ছিল একটু অন্য রকম। চার দেওয়ালের মধ্যে বসে ব্যাকরণ শেখার বদলে দু’জনে মিলে রুয়াঁ শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে ফরাসিতে কথোপকথন করতেন। বৃষ্টি হলে আশ্রয় নিতেন শহরের চায়ের দোকানে। ফরাসি ভাষায় ছোটখাটো ভুল হলেই সংশোধন করে দিতেন আনা। একই সঙ্গে হয়ে উঠেছিলেন স্থানীয় গাইডও।
রুয়াঁ শহরের ঐতিহাসিক গলি, মধ্যযুগের স্থাপত্য, সিন নদীর তীরসহ সব ঘুরে দেখেছেন তারা। গিয়েছেন শহরের চারুকলা সংগ্রহশালাতেও। ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ ইমপ্রেশনিস্ট শিল্পকলার সংগ্রহ রয়েছে সেখানে। এমনকি যে জায়গায় জোয়ান অব আর্ককে পুড়িয়ে মারা হয়েছিল, সেই পুরনো বাজার চত্বরও ঘুরে দেখেছেন তারা।
ভাষা শেখার পাশাপাশি ফরাসি সমাজ ও সংস্কৃতি সম্পর্কেও অনেক কিছু জেনেছেন অ্যানাবেল। আনার শিকড় সেনেগালে হওয়ায় পশ্চিম আফ্রিকার ইতিহাস, সেখানকার নারীশাসিত সমাজব্যবস্থা এবং পুরোহিত ও রানি-সংক্রান্ত ঐতিহ্য নিয়েও তাদের আলোচনা হয়েছে। ফরাসি ভাষাতেই হয়েছে সেই কথাবার্তা।
অ্যানাবেলের মতে, ভাষা শেখার জন্য শুধু ক্লাসে বসে থাকা যথেষ্ট নয়। হাঁটাচলা করতে করতে নতুন জায়গা দেখা, মানুষের সঙ্গে কথা বলা এবং বাস্তব পরিস্থিতিতে ভাষার ব্যবহার শেখার সুযোগ অনেক বেশি। তাই প্রতিদিন দু’ঘণ্টা আনার সঙ্গে ক্লাসের বাইরে বাকি সময় ফরাসি উপন্যাস পড়েছেন, ফরাসি রেডিয়ো ও টেলিভিশন শুনেছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন।
সফরের শেষ দিনে সিন নদীর ধারে হাঁটতে হাঁটতে টানা পাঁচ মিনিট ফরাসিতে কথা বলতে পেরেছিলেন অ্যানাবেল। মাঝেমধ্যে শব্দ খুঁজে পেতে বা ব্যাকরণ নিয়ে ভাবতে হয়নি তাকে। এমনকি একটি দোকানের কর্মী তাকে স্থানীয় বাসিন্দা বলেও ভুল করেছিলেন!
ছ’দিনের এই সফরে থাকা, খাওয়াদাওয়া, যাতায়াত এবং শিক্ষকের পারিশ্রমিক মিলিয়ে খরচ হয়েছিল ৬০০ পাউন্ডের সামান্য বেশি। নিউহেভেন থেকে ডিয়েপ পর্যন্ত ফেরিতে এবং সেখান থেকে ট্রেনে রুয়াঁ পৌঁছেছিলেন তিনি। সব মিলিয়ে ভাষা শেখার পাশাপাশি নতুন শহর চেনা এবং স্থানীয় মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার সুযোগও পেয়েছেন অ্যানাবেল। তার অভিজ্ঞতায়, ভ্রমণের সঙ্গে ভাষা শেখার এমন সংমিশ্রণ হতে পারে এক অন্য রকম ছুটির ঠিকানা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category