• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যহত নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ ভোটে কালোটাকা-পেশিশক্তি ঠেকাতে ইসির আশ্বাস, অনিয়মে প্রার্থিতা বাতিল নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন: ইসি মাছউদ ১ ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সেনাবাহিনী মোতায়েনের কোনও পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি তিতাসে সারের সরকারি মূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশে এ বছর এইডস রোগীর সংখ্যা বেড়ে ১৯ হাজার ৮৪৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এইডস রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৪৩। গত বছরের চেয়ে এ বছর ২২ শতাংশ রোগী বেড়েছে। প্রবাসীদের মধ্যে বাড়ছে এ রোগ। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে ৮৭ শতাংশ এইডস রোগী চিকিৎসার আওতায় আছে। এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এইডস নিয়ে দেশে আতঙ্কের কিছু নেই। তবে সাবধান থাকতে হবে। ভয় ও লজ্জা এড়িয়ে চিকিৎসার আওতায় আসতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইউএসএইড ফান্ড বন্ধ হলেও সরকার থোক বরাদ্দের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের নিজস্ব উদ্যোগে সাড়ে ২৬ লাখ মানুষকে পরীক্ষা করা হয়েছে। ২০টি জেলায় এখন পরীক্ষা কার্যক্রম নেই। সরকার উদ্যোগ নিয়েছে, সারা দেশে বাস্তবায়ন করার।
জানা গেছে, দেশে এক বছরে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। ২০২৬ সালে নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছেন ২ হাজার ৩০৫ জন। তাদের মধ্যে ৫০ শতাংশই পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬০ শতাংশের বয়স ও পেশাগত পরিচয় বিশ্লেষণে শিক্ষার্থী ও তরুণদের উল্লেখযোগ্য উপস্থিতি পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
অধিদপ্তরের জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এতে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। আগের বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। অর্থাৎ এক বছরের ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। একই সময়ে এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৫ জন। আগের বছর এ সংখ্যা ছিল ২৫৪।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বয়স বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ব্যক্তিদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ। বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের। বৈবাহিক অবস্থার হিসাবে ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিচ্ছিন্ন বা একা বসবাসকারী।
আক্রান্ত ব্যক্তিদের পেশা ও আচরণগত পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসডব্লিউ), ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী। এ ছাড়া বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ১৮ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে।
এইচআইভি শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসার আওতায় আনা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তথ্য অনুযায়ী, এ বছর শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশ শনাক্ত হওয়ার পরপরই চিকিৎসা শুরু করেছেন। নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসার মাধ্যমে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে সংক্রমণ অন্যের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কার্যত নির্মূল করা যায়।
জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, গত বছরের তুলনায় এ বছর এইচআইভি শনাক্তের সংখ্যা প্রায় ২২ শতাংশ বেড়েছে। তবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শনাক্তের সংখ্যাও বেড়েছে। নতুন সংক্রমণ শনাক্তের সঙ্গে সামগ্রিকভাবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে। ডা. মো. খায়রুজ্জামান আরও বলেন, বিশেষ কিছু জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে এমএসএম ও এমএসডব্লিউদের মধ্যে গত কয়েক বছর ধরে শনাক্তের হার বেশি। তাদের মধ্যে পরীক্ষার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গত বছরও এ দুই জনগোষ্ঠীর মধ্যে শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ। এ বছর তা বেড়ে ৬০ শতাংশ হয়েছে। তাদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্বের সঙ্গে দেখছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে ১৬ হাজার ৬১৮ জনকে। ফলে আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category