মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ আসাদ শেখ (৫০) নামে এক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৮ আগস্ট) উপজেলার পেনাখালী এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পেনাখালী গ্রামের মৃত সুলতান শেখের ছেলে মোঃ আসাদ শেখের সঙ্গে প্রতিবেশী বাবুল শেখ (৫০) ও কামরুল শেখ (৪৫)-এর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আসাদ শেখের দাবি, জে এল নং-৫, চাতর মৌজার বিএস ১০৩৯ নম্বর দাগের ৪ শতাংশ জমি তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে ক্রয় ও রেকর্ডীয় মালিকানার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, বিরোধপূর্ণ জমি দখলের জন্য বিবাদীরা বিভিন্ন সময় চেষ্টা চালিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশের চেষ্টা করা হলেও তা স্থায়ীভাবে সমাধান হয়নি। পরে আসাদ শেখ নাজিরপুর থানায় একাধিকবার অভিযোগ করেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
আসাদ শেখের অভিযোগ, শনিবার বিবাদীরা জোরপূর্বক ওই সম্পত্তিতে প্রবেশ করে দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গাছ লাগানো শুরু করেন। এতে তিনি বাধা দিলে বিবাদীরা দা, লোহার রড, শাবল ও খোন্তাসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি লোহার রড দিয়ে মাথায় সজোরে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয় বলে অভিযোগকারী জানিয়েছেন।
আসাদ শেখের আরও অভিযোগ, হামলার পর তাকে ও তার পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
এ ঘটনায় মোঃ আসাদ শেখ নাজিরপুর থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবুল শেখ ও কামরুল শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।