• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name / ২০৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা,দিনাজপুর: নারী ও শিশু নির্যাতনকারীদের ‘সমাজের শত্রু’ হিসেবে আখ্যায়িত করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অপরাধী যেই হোক না কেন, কোনো নারী ও শিশু নির্যাতনকারীকে কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না ।
শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল প্রাঙ্গণে মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় অতিদরিদ্র গর্ভবতী মায়েদের গর্ভকালীন ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যে জাতি নারীকে সম্মান দিতে জানে না, সে জাতি সভ্য নয়। যে জাতি শিশুদের অধিকার নিয়ে বড় হতে দেয় না, সে জাতি ভালো ভবিষ্যৎ প্রজন্ম পাবে না। নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় বর্তমান সরকার সোচ্চার রয়েছে।’
শুধু দিনাজপুর নয়, সারা দেশে নারী ও শিশুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, শিশুরা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং কোনো নির্যাতন বা অন্যায়ের শিকার না হয়, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। মাদক, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আরও জোরালো ভূমিকা রাখবে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, গর্ভবতী মায়েরা যাতে সরকারের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে সংশ্লিষ্ট দফতরকে সজাগ দৃষ্টি রাখা। বর্তমানে ২০ থেকে ৩৫ বছর বয়সী গর্ভবতী মায়েরা প্রতি মাসে ৮৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। আগামী জুলাই থেকে এটি বাড়িয়ে ৯০০ টাকা করা হবে। মায়েরা টানা তিন বছর পর্যন্ত এ সুবিধা পাবেন।’
দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং মহিলাবিষয়ক অধিদফতরের উপপরিচালক মো. মোরশেদ আলী খান। অনুষ্ঠান শেষে মন্ত্রী ‘ওয়ান স্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category