মো. জাফর ইকবাল, বিশেষ প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিব (২৩) নামে এক যুবককে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাদুরতলা গ্রামের মো. বাদল ডাক্তারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাকিব ওই গ্রামের মো. জাকিরের ছেলে। জানা গেছে সাকিব, একই ওয়ার্ডের বাসিন্দা এবং মো. বাদল ডাক্তারের ভাতিজা।
পাথরঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাদুরতলা গ্রামের মো. বাদল ডাক্তারের বাড়ির সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে পাথরঘাটা থানার এসআই মো. আবু জাফরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সাকিব বাদল ডাক্তারের ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
পাথরঘাটা থানার এসআই মো. আবু জাফর বলেন, আটক সাকিবের দেখানো মতে তার পরিহিত লুঙ্গির পেছনের কোচর থেকে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আটককুত সাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাথরঘাটা থানায় মামলা করা হয়েছে, নম্বর ৪/২৬।