মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার (২ আগস্ট) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে গঠিত একটি রেইডিং টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীনের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে আবির (২৮), তাওহিদুল ইসলাম (২৮), ফয়সাল শেখ (২৮) এবং প্রিন্স প্রকাশ ঢালীকে (২৯) হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক চারটি মামলায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেন।
দণ্ডাদেশ কার্যকরের জন্য তাঁদের পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।